ব্যানার-বিলবোর্ড সরানোর নির্দেশ ছাত্রলীগ সভাপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলন উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নেতা-কর্মীদের লাগানো বিলবোর্ড, পোস্টার-ব্যানার ১২ জুনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান। ওই সময়ের পর ছাত্রলীগের কোনো ইউনিটের ব্যানার, ফেস্টুন, পোস্টার দেখা গেলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গতকাল শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নির্দেশনা দেন বদিউজ্জামান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত মাসের শেষ সপ্তাহে আমরা ঢাকার দুটি বড় ইউনিটের সম্মেলন করেছি। এ উপলক্ষে রাজধানী বর্ণিল সাজে সেজেছিল। আমরা আনন্দ করেছি, আবেগ-উল্লাস ও সমর্থন জানিয়েছি। এখন অবশিষ্ট দায়িত্বটুকুও আমাদের। দুই মেয়র ঢাকাকে ক্লিন ও সবুজ নগরী হিসেবে গড়তে চেয়েছেন। আমরাও তাঁদের স্বপ্নসারথি হতে চাই। সম্মেলন উপলক্ষে সব ইউনিটের নেতা-কর্মীদের সব ধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিলবোর্ড আগামী এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে। ১২ জুনের পর কোনো ইউনিটের ব্যানার, ফেস্টুন, পোস্টার দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
বদিউজ্জামান বলেন, নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ব্যক্তিগতভাবে কোনো ব্যানার-ফেস্টুন, পোস্টার লাগানো যাবে না। শুধু সংগঠনের পক্ষ থেকে জানানো যাবে। তবে এতেও বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ছাড়া আর কারও ছবি ব্যবহার করা যাবে না।
অবৈধভাবে দেশের কোথাও কোনো বিলবোর্ড দখল না করতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে ছাত্রলীগের সভাপতি বলেন, বিলবোর্ড ব্যবহার করতে চাইলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সহসভাপতি জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক শেখ রাসেল, ঢাকা মহানগর উত্তরের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, দক্ষিণের সভাপতি বায়োজিদ আহমেদ খান, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।