ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে সন্ত্রাসীদের আগের চেয়ে অনেক বেশি আগ্রাসী ভূমিকায় দেখা গেছে। এ ধাপে তারা কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল না মেরে বেশির ভাগ ক্ষেত্রে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই করেছে।
গত শনিবার অনুষ্ঠিত পঞ্চম ধাপের নির্বাচনে নির্বাচন কমিশন ৫০টি ইউপির ১২০টি কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল করেছে। এর মধ্যে ১১২টিতেই ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অথচ প্রথম চার ধাপে অনুষ্ঠিত ২ হাজার ৬৬৯টি ইউপির নির্বাচনে নির্বাচনী অনিয়মের কারণে মাত্র ১৭৭টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছিল। নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, হঠাৎ করে কেন ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের প্রবণতা বেড়ে গেছে এবং সেটা কেনই-বা বিশেষ অঞ্চলে, এ নিয়ে গবেষণা হতে পারে। এমন হতে পারে যে, কর্মকর্তারা কেন্দ্রের ভেতরে সিল মারতে বাধা দিয়েছেন। যে কারণে সন্ত্রাসীরা পেপার ও বাক্স কেন্দ্রের বাইরে নিয়ে যায়। তবে এসব অপকর্মের সঙ্গে যেসব কর্মকর্তা জড়িত, কমিশন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এবারের ইউপি নির্বাচনে প্রথম ধাপে ৭১২, দ্বিতীয় ধাপে ৬৩৯, তৃতীয় ধাপে ৬১৫, চতুর্থ ধাপে ৭০৩ এবং পঞ্চম ধাপে ৭১৭টি ইউপিতে নির্বাচন হয়েছে। আগামী ৪ জুন শেষ ধাপে ৭২৭টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে।
প্রথম ধাপে সাতক্ষীরাসহ আরও কয়েক জায়গায় ভোটের আগের রাতে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা হয়েছিল। কমিশন পরের দিন সকালে ওই সব কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করে এবং সংশ্লিষ্ট কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভোট গ্রহণ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। এই ব্যবস্থার পর থেকে পরের ধাপগুলোতে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মারার ঘটনা তেমন একটা ঘটেনি। তবে চতুর্থ ধাপ পর্যন্ত কেন্দ্র দখল করে চেয়ারম্যান প্রার্থীর প্রতীকে প্রকাশ্যে সিল মারার ঘটনা অব্যাহত ছিল।
কিন্তু পঞ্চম ধাপে এসে এ চিত্র সম্পূর্ণ পাল্টে গেছে। কমিশন সচিবালয় থেকে জানা যায়, এ ধাপে কেন্দ্র দখল করে সিল মারার বদলে সন্ত্রাসীরা ব্যালট পেপার ও ব্যালট বাক্স কেন্দ্রের বাইরে নিয়ে যায়। সেখানে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করে তা আবার কেন্দ্রে ফেরত দিয়ে যায়। ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই হওয়া ১২০টি কেন্দ্রের মধ্যে ৮১টিই নোয়াখালীতে।
জানতে চাইলে নোয়াখালীর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীরা ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেনি। বেশির ভাগ ক্ষেত্রে তারা ব্যালট পেপার ছিঁড়ে বাক্সে ভরার পর ভোট গ্রহণের প্রমাণ হিসেবে ব্যালট পেপারের মুড়ি বাইরে রেখে আসে। যে কারণে রিটার্নিং কর্মকর্তারা এসব কেন্দ্রের ভোট বাতিল করে দিয়েছেন।
তবে কমিশন সচিবালয়ের শীর্ষ কর্মকর্তাদের কারও কারও মতে, নোয়াখালীতে ভোটের যে চিত্র দেখা গেছে, একই চিত্র সারা দেশেও ছিল। নোয়াখালীতে ভোট গ্রহণ কর্মকর্তারা সক্রিয় ভূমিকা রাখায় দখলকারীরা ব্যর্থ হয়েছে। অন্যান্য জেলায় ভোট গ্রহণ কর্মকর্তারা একই ধরনের ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন।