ব্যাপক সহিংসতা, হামলা, ব্যালটবাক্স ভাঙচুর ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি করেছেন ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মফিজুল ইসলাম। গতকাল রোববার তিনি শহরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি করেন। একই দাবিতে তিনি রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করেছেন।
লিখিত বক্তব্যে মফিজ বলেন, ২২ মার্চ ধনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালাম তহশিলদারবাড়ি কওমি ও নুরানি মাদ্রাসা কেন্দ্রে ভোট চলাকালে অপর প্রার্থী খোরশেদ আলম ও তাঁর লোকজন কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ভাঙচুর ও ব্যালট ছিনতাই করে। এ সময় ব্যাপক সংঘর্ষে মফিজসহ কয়েকজন আহত হন। প্রিসাইডিং কর্মকর্তা এ সময় দুটি কেন্দ্রেই ভোট গ্রহণ বন্ধ করে দেন। পরে পুলিশের সাহায্যে ব্যালট বাক্স উদ্ধার করে প্রার্থীদের অনুপস্থিতিতে ভোট গণনা করে খোরশেদ আলমকে জয়ী ঘোষণা করা হয়। মফিজুল বলেন, ‘আমি এই নির্বাচন মানি না। পুনর্নির্বাচন চাই।’
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সফিকুল হক বলেন, প্রার্থী মফিজুল ইসলাম পুনর্নির্বাচন নয়, পুনর্গণনার জন্য ভোটের কয়েক দিন পর আবেদন করেছেন। তখন ফলাফল নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। প্রার্থীকে পুনর্নির্বাচনের জন্য নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করতে হবে।