ব্যালটে প্রকাশ্যে সিল সকালেই ভোট শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কসবা পৌরসভা নির্বাচনে কসবা সরকারি বালিক উচ্চবিদ্যালয় কেন্দ্রের ৭ নম্বর বুথে কাউন্সিলর পদপ্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাহেরের পক্ষে প্রকাশ্যে সিল মারছেন তাঁর এক কর্মী। গতকাল সকাল ১০টার দিকে তোলা l ছবি: প্রথম আলো
কসবা পৌরসভা নির্বাচনে কসবা সরকারি বালিক উচ্চবিদ্যালয় কেন্দ্রের ৭ নম্বর বুথে কাউন্সিলর পদপ্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাহেরের পক্ষে প্রকাশ্যে সিল মারছেন তাঁর এক কর্মী। গতকাল সকাল ১০টার দিকে তোলা l ছবি: প্রথম আলো

সময় সকাল ১০টা। ভোটকেন্দ্রের মাঠে নৌকা প্রতীকসংবলিত সাদা টি-শার্ট পরিহিত লোকজনের জটলা। বুথসংলগ্ন বারান্দায় হাঁটছেন একদল যুবক। ওই কেন্দ্রের সাতটি বুথে প্রকাশ্যেই ব্যালটে সিল মারছেন আরেক দল যুবক। ভোটাররা কেন্দ্র থেকে বের হয়ে আসার সময় পরস্পরকে বলছেন, ‘সকালেই ভোট শেষ।’ বুথ দখল করে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা প্রকাশ্যেই সিল মারছেন। কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তারা ও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে এমন চিত্রই দেখা গেছে কসবা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে। এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিনজন। এ ছাড়া কাউন্সিলর পদে ২৭ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমরান উদ্দিন ওরফে জুয়েল বিজয়ী হয়েছেন। তিনি ১৮ হাজার ২৯৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মুহাম্মদ ইলিয়াছ পেয়েছেন ১ হাজার ২০০ ভোট।
সকাল সোয়া ১০টায় কসবা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মনির হোসেনের কাছে ভোটারদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এ সময় এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা অভিযোগ করেন, একদল লোক ব্যালট পেপারের একটি বই ছিনিয়ে নিয়ে গেছেন। কেন্দ্রটির বাইরে রাস্তার পাশের একটি গাড়িতে বসে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল আবেদীন। কেন্দ্রের ভেতরের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘কেন্দ্রের ভেতরে আমার কোনো দায়িত্ব নেই। বাইরে আইনশৃঙ্খলা রক্ষা করাই আমার প্রধান কাজ।’
সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত আটটি কেন্দ্রে বিভিন্ন অনিয়ম দেখা গেছে। কেন্দ্র দখল, বিএনপির এজেন্টদের বের করে দেওয়া, ব্যালট পেপার ছিনতাই, ভোট গ্রহণ সাময়িক বন্ধ, মেয়রের পদের ব্যালট না পাওয়া প্রভৃতি ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে এ পৌরসভার ভোট গ্রহণ।
সকাল সাড়ে ৯টায় আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, কোনো ভোটার নেই। প্রিসাইডিং কর্মকর্তা দিলীপ কুমার দাসের কক্ষের দরজা বন্ধ। ভেতরে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন ও নির্বাহী হাকিম মো. আলী আফরোজ।
দিলীপ কুমার দাস ভোট সুষ্ঠু হয়েছে দাবি করে বলেন, ১ হাজার ৬০০ ভোট পড়েছে। এ সময় রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন জানান, বিশৃঙ্খলার কারণে সকাল সাড়ে ৯টার দিকে ভোট গ্রহণ সাময়িক বন্ধ ছিল। তবে কিছুক্ষণ পরে ভোট গ্রহণ চালু করা হয়।
কাউন্সিলর পদপ্রার্থী আবু সেলিম অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু ছায়েদের লোকজন জোর করে তাঁর এজেন্টদের বের করে দিয়েছেন। তাঁর (আবু ছায়েদ) সমর্থকেরা ব্যালটে সিল মেরেছেন। তবে আবু ছায়েদ এ অভিযোগ অস্বীকার করেন।
বেলা পৌনে ১১টায় বিএনপির মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মুহাম্মদ ইলিয়াছ কসবা খাড়পাড়ায় তাঁর বাসভবনে সাংবাদিকদের বলেন, সকাল নয়টায় মধ্যে প্রতিটি কেন্দ্র সরকারদলীয় সমর্থকেরা দখল করে নিয়েছেন। ভোটাররা ভোট দিতে পারেননি। তিনি অভিযোগ করেন, নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কসবা সরকারি বালক উচ্চবিদ্যালয়, কসবা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ১০টার পর কেউ মেয়র পদের ব্যালট পাননি।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘কোনো বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। অনিয়মের তেমন কোনো ঘটনা আমার চোখে পড়েনি।’