ব্রাহ্মণপাড়া ও বুড়িচংয়ে বৃহস্পতিবার হরতাল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ আগস্ট, ২০১৫) জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। আজ মঙ্গলবার বিকেলে এই হরতালের ডাক দেওয়া হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে আদর্শ ঢাকা আন্দোলনের একটি কর্মসূচিতে অংশ নিতে যান সাংবাদিক নেতা শওকত মাহমুদ। ওই সময়ে তাঁকে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। পরে তাঁকে গাড়িতে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এই খবর কুমিল্লায় ছড়িয়ে পড়লে তাঁর সম্ভাব্য নির্বাচনী এলাকা বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার (কুমিল্লা-৫) বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে বিকেলের দিকে এই গ্রেপ্তারের প্রতিবাদে তাঁরা বৃহস্পতিবার ব্রাহ্মণপাড়া ও বুড়িচংয়ে সকাল-সন্ধ্যা হরতাল ডাকেন।
জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা মোস্তাক মিয়া বলেন, ‘সরকারের রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার জন্য শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। এভাবে জুলুম করে কাউকে দমিয়ে রাখা যাবে না।’