ব্রাহ্মণবাড়িয়া ও গোবিন্দগঞ্জের ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে: নজরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায় ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনা ভিন্ন খাতে নিতে নানা ষড়যন্ত্র আবিষ্কার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ বৃহস্পতিবার দুপুরে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নজরুল ইসলাম এই আশঙ্কার কথা জানান। বাংলাদেশ ন্যাপ রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ওই আলোচনার আয়োজন করে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হিন্দু সম্প্রদায় ও গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করার জন্য এবং ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এখন নানা ষড়যন্ত্র আবিষ্কার করা হচ্ছে। তিনি এ ধরনের ঘটনা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে বলেন, ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার মাধ্যমে প্রকৃত অপরাধীদের আড়ালের চেষ্টা ভালো হবে না।
নজরুল ইসলাম বলেন, মাওলানা ভাসানী নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার আদায়ে সারা জীবন কঠোর সংগ্রাম করেছেন। তিনি যে বাংলাদেশের স্বপ্ন দেখতেন, তা আজও প্রতিষ্ঠিত হয়নি। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ভাসানীকে অবহেলা করছে।
বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান গানির সভাপতিত্বে অন্যদের মধ্যে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।