ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কমিটির কার্যক্রম স্থগিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হরতাল কর্মসূচি পালনের ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
আজ রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক রাসেল মিয়াকে কেন সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না— তা তাঁদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রকে জানাতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের পাঠানো পৃথক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিন মিয়াকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা রাত সাড়ে ১০টার দিকে মোবাইল ফোনে এই তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বিজয় নগরে হরতাল পালনের জন্যই কেন্দ্রীয় ছাত্রলীগ এ সিদ্ধান্ত নিয়েছে।
বিজয়নগরে উপজেলা প্রাণিসম্পদ উন্নয়নকেন্দ্রের ভবন উদ্বোধন ও সুধী সমাবেশকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাংসদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের রোববারের সফর প্রতিহত করতে হরতাল ডাকে উপজেলা আওয়ামী লীগ। ওই সুধী সমাবেশে অনেককে আমন্ত্রণ জানানো হলেও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং সাধারণ সম্পাদক আল মামুন সরকার ছিলেন উপেক্ষিত। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। নিজ দল আওয়ামী লীগের ডাকা হরতাল উপেক্ষা করে উপজেলা প্রাণিসম্পদ উন্নয়নকেন্দ্রের ভবন উদ্বোধন করেছেন মন্ত্রী ছায়েদুল হক। তবে ১৪৪ ধারা জারি থাকায় পূর্বঘোষিত সুধী সমাবেশ হয়নি। এই সমাবেশে প্রধান অতিথি থাকার কথা ছিল ছায়েদুল হকের।