ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসংক্রান্ত সহিংসতায় আরও দুজন প্রাণ হারালেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পরাজিত ইউপি সদস্য প্রার্থীর এক সমর্থককে গলা কেটে হত্যা করা হয়েছে গতকাল সোমবার। আর বগুড়ায় নির্বাচনী সহিংসতায় আহত একজন গত রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ ছাড়া আসন্ন পঞ্চম দফা নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়ে সহিংসতায় দুই শিশু আহত হয়েছে। নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত দেশজুড়ে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন।
ঢাকার বাইরের প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নূর চৌধুরী (৪৫) নামে এক ফল ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়। নূর চৌধুরীর পরিবার বলেছে, তিনি উপজেলার চম্পকনগর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী লোকমান চৌধুরীর সমর্থক ছিলেন। নির্বাচনে জয়ী হন তাঁর প্রতিদ্বন্দ্বী সাজত আলী। ৭ মে দুজনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর থেকে গ্রেপ্তারের আশঙ্কায় পালিয়ে বেড়াচ্ছিলেন নূর চৌধুরী।
চাচাতো ভাই রমজান আলী চৌধুরী বলেন, নূর চৌধুরী রোববার রাত ১১টার দিকে বাড়ি ছেড়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। নির্বাচনী সহিংসতার জেরে সাজত আলীর লোকজন তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ করেন রমজান।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা বলেন, কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তদন্ত চলছে।
বগুড়ার শেরপুরের খামারকান্দি ইউনিয়নে ৯ মে বেধড়ক পিটুনির শিকার রিকশাচালক ফটিক প্রাং (৩২) রোববার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। অভিযোগ রয়েছে সংরক্ষিত সদস্য পদের প্রার্থীকে ভোট না দেওয়ায় তাঁর স্বামী ও সমর্থকেরা ফটিককে পেটান।
ফটিকের স্ত্রী আসমা খাতুন বলেন, আওয়ামী লীগের স্থানীয় নেতা সোলায়মান আলীর স্ত্রী রাবেয়া খাতুন নারীদের জন্য সংরক্ষিত সদস্য পদে নির্বাচন করে হেরে যান। ফটিক রাবেয়াকে ভোট দেননি, এই অভিযোগে সোলায়মানসহ আরও কয়েকজন ফটিককে তুলে নিয়ে পিটিয়ে আহত করেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, সোলায়মান ও তাঁর স্ত্রী-সন্তান পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পঞ্চগড় সদরের মাগুরা ইউনিয়নে নির্বাচনী সহিংসতার মধ্যে পড়ে দুই শিশু গুরুতর আহত হয়েছে। রোববার রাতে ইউনিয়নের পুড়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। আহত তাসলিন আক্তার (৯) ও আশা (১০) স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। তাদের আশঙ্কাজনক অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর উপজেলা চাউলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে গতকাল দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানের স্ত্রীসহ আটজন আহত হয়েছেন। এ সময় আট-দশটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ও চান্দাই ইউনিয়নে গতকাল প্রচারণার সময় বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে পৃথক সংঘর্ষে বিএনপির চেয়ারম্যান প্রার্থীসহ নয়জন আহত হয়েছেন। এ সময় নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়।
সিংড়া উপজেলার কলম ইউনিয়নে প্রচারণার সময় গতকাল বিকেলে আওয়ামী লীগের প্রার্থী মঈনুল হক চুনুর কর্মীরা দলের বিদ্রোহী প্রার্থী নবীর উদ্দিন ও তাঁর ছেলেকে বেধড়ক পিটিয়েছে। নবীর উদ্দিনের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। নবীর উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদের মামাশ্বশুর।