ব্রিটিশ ভিসা অফিস ঢাকায় আনার আহ্বান রওশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে তাঁর সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেইক। ছবি: বিরোধীদলীয় নেতার কার্যালয়।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে তাঁর সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেইক। ছবি: বিরোধীদলীয় নেতার কার্যালয়।

ব্রিটিশ ভিসা অফিস ঢাকায় স্থানান্তর করতে যুক্তরাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আজ বুধবার বিকেলে বিরোধীদলীয় নেতার সঙ্গে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেইক সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রওশন এরশাদ বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশের বংশোদ্ভূত তিন ব্রিটিশ নাগরিক পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে উজ্জ্বল করেছেন। এ ছাড়া যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা দুই দেশের সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন।
এক প্রশ্নের উত্তরে হাইকমিশনার বাংলাদেশিদের জন্য ভিসা–প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে তাঁর পক্ষ থেকে সম্ভাব্য সব সহযোগিতার নিশ্চয়তা প্রদান করেন। বাংলাদেশের জনগণকে কঠোর পরিশ্রমী উল্লেখ করে ব্রিটিশ হাইকমিশনার সব সময়ে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বিরোধীদলীয় নেতা হাইকমিশনার ব্লেইকের সফল কর্মকাল কামনা করে তাঁর পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাংসদ ফখরুল ইমাম, মামুনুর রশিদ, নূর-ই-হাসনা লিলি চৌধুরী প্রমুখ।

ব্রিটিশ ভিসা দেওয়ার সিদ্ধান্ত–প্রক্রিয়া ঢাকা থেকে ভারতের দিল্লিতে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাজ্যের অভিবাসনবিষয়ক প্রতিমন্ত্রী জেমস ব্রোকেনশায়ার বলেছেন, প্রকৃতপক্ষে সহিষ্ণুতা বাড়ানো, নিরাপত্তা জোরদার করা এবং ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মানোন্নয়ন—এসব বিষয় স্থানান্তরের ক্ষেত্রে বেশি বিবেচিত হয়েছে। যুক্তরাজ্যের ভিসা–প্রক্রিয়ার ক্ষেত্রে দিল্লিকে আঞ্চলিক কেন্দ্র (হাব) হিসেবে গড়ে তোলাও এ সিদ্ধান্তের অন্যতম লক্ষ্য। বাংলাদেশে ব্রিটিশ ভিসা আবেদন নিয়ে যুক্তরাজ্যের এক পার্লামেন্ট সদস্যের করা প্রশ্নের জবাবে জেমস ব্রোকেনশায়ার গত মঙ্গলবার এসব কথা বলেন।
যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির এমপি স্টিফেন টিমস এক লিখিত প্রশ্নে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চান, বাংলাদেশিদের ভিসা–প্রক্রিয়া নয়াদিল্লিতে সরিয়ে নেওয়ার ফলে কী পরিমাণ আর্থিক সাশ্রয় হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন?
লিখিত জবাবে জেমস ব্রোকেনশায়ার ওই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বলেন, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশিদের ভিসা প্রদানের প্রক্রিয়া ঢাকা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছে। কার্য সম্পাদন-সংক্রান্ত কারণে এবং পুরোনো কেন্দ্রকে (দিল্লি) একটি স্বতন্ত্র আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই পরিবর্তন করা হয়। তিনি বলেন, স্বতন্ত্র আঞ্চলিক কেন্দ্র তৈরির ফলে [ভুয়া আবেদন] প্রতিরোধ, নিরাপত্তার উন্নয়ন ও সিদ্ধান্তের মানোন্নয়ন সম্ভব হয়।