ব্লগার হত্যা বন্ধে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে প্রতিরোধ প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ। ফাইল ছবি
হাছান মাহমুদ। ফাইল ছবি

ব্লগার হত্যা বন্ধে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএনপির জঙ্গিবাদকে আশ্রয় ও মদদ দেওয়ার ফলশ্রুতি ব্লগার হত্যার পটভূমি রচনা করেছে বলে মন্তব্য করেন হাছান মাহমুদ। আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপির প্রত্যক্ষ মদদেই দেশে জঙ্গিবাদ বিস্তার লাভ করেছে। আর এসব জঙ্গিরাই এখন দিনেদুপুরে ব্লগার হত্যা করছে। তাই ব্লগার হত্যা বন্ধে অবিলম্বে বিএনপি-জামাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের সঙ্গে এমন দল আছে, যারা আফগানিস্তান থেকে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে এসেছে। আন্তর্জাতিক জঙ্গিবাদের সঙ্গেও তাদের সম্পর্ক রয়েছে। জঙ্গিবাদের রাজনীতি করা বিএনপি-জামায়াতকে প্রতিহত করার পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে।
বঙ্গবন্ধু হত্যার বিচার প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কাছে ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন। এরই অংশ হিসেবে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যায় পেছন থেকে যারা কলকাঠি নেড়েছে, ন্যায় প্রতিষ্ঠার জন্যই তাদেরও বিচার হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।