ব্লগার নিলয় হত্যাকে সরকারের রাজনৈতিক চাল বলে দাবি করলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, নিলয় হত্যার মধ্য দিয়ে সরকার পৃথিবীকে দেখাতে চাচ্ছে যে বাংলাদেশ মৌলবাদীর দেশ হয়ে গেছে।
গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় খন্দকার মাহবুব হোসেন এ দাবি করেন। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) যুবসংগঠন যুব জাগপা এ আলোচনার আয়োজন করে।
মাহবুব বলেন, ‘আমি বিশ্বাস করি, এটাও সরকারের একটা রাজনৈতিক চাল। এই যে নিলয়কে হত্যা করা হয়েছে। এ ধরনের হত্যাকাণ্ড চলছে। আজ পর্যন্ত একটি হত্যার বিচারও হলো না, কারণও উদ্ঘাটন হলো না। এর অর্থ এই সরকার হত্যাকারীদের মদত দিচ্ছে।’
নিলয় হত্যার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্লগার অভিজিৎ রায় হত্যার কথা উল্লেখ করে খন্দকার মাহবুব বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে যেভাবে হত্যাকাণ্ড হয়েছে, এর পেছনে একটা ষড়যন্ত্র রয়েছে।