ব্লাসফেমি আইন চাইলেন আহমদ শফী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী বলেছেন, নাস্তিকতার উত্থানকে বন্ধ করতে দেশে ব্লাসফেমি আইন করার বিকল্প নেই। কওমি শিক্ষা জ্ঞানমুখী শিক্ষা, সত্যিকারের মানুষ গড়ার শিক্ষা। কওমি শিক্ষা কোনো সন্ত্রাসী তৈরি করে না।

গত রোববার রাতে বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সম্মেলনে উপস্থিত জনতার উদ্দেশে এসব কথা বলেন শাহ আহমদ শফী।

চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুমমুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক ও বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিচালক আহমদ শফী বলেন, যে শিক্ষা আদর্শবান মানুষ তৈরি করতে পারে না, সে শিক্ষা জাতীয় মর্যাদা লাভ করতে পারে না। আমরা প্রতি ঘরে একজন করে আলেম তৈরি করতে চাই, এটাই কওমি সংগ্রাম। আহমদ শফী বলেন, এ দেশের অনৈসলামিক শিক্ষাব্যবস্থার কারণে মুরতাদদের অব্যাহত উত্থান হচ্ছে। তাই নাস্তিকতার উত্থানকে বন্ধ করতে ব্লাসফেমি আইনের দাবিতে প্রত্যেক মুসলমানের সমর্থন থাকতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের ভালো করতে হলে নিজেদের ভালো হতে হবে। দেশে রয়েছে গুম আর খুন, আমরা সবাই ভালো হলে থানা-পুলিশ লাগবে না।

কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ ও মাহফিল এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা ওবায়েদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন একই মাদ্রাসার জ্যেষ্ঠ মুহাদ্দিস হাফেজ জুনায়েদ বাবুনগরী, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা আ. জব্বার জাহনাবাদী, মাওলানা ওমর ফারুক, মুফতী নুরুল্লাহ, মুফতী রফিকুল ইসলাম, মুফতী নুরুল আলম প্রমুখ।

এর আগে বেলা তিনটায় মাওলানা আহমদ শফী চট্টগ্রাম থেকে হেলিকপ্টারযোগে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে এসে নামেন। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান আয়োজকেরা।