নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাচাই-বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ২৯ জন মুক্তিযোদ্ধাকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। গতকাল রোববার বনপাড়া পৌর মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বাদ পড়া মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন হাসান আলী মাস্টার। তিনি সাংবাদিকদের জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সব শর্ত পূরণ করে বিধি মোতাবেক অনলাইনে আবেদন করেছিলেন তাঁরা। গত ১১ ফেব্রুয়ারি বড়াইগ্রামে যাচাই-বাছাই হয়। এর ১৫ দিন পর ২৬ ফেব্রুয়ারি একটি বিতর্কিত তালিকা প্রকাশ করা হয়। তালিকায় ১৮৩ জন আবেদনকারীর মধ্যে ৭ জনকে ‘ক’ তালিকায় চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়। একই সঙ্গে ২৯ জনকে দ্বিধাবিভক্ত ‘খ’ তালিকা এবং ১৪৭ জনকে বিবেচনার বাইরে নিয়ে ‘গ’ তালিকাভুক্ত করা হয়। অথচ যাঁদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তাঁদের কারোরই ভারতে প্রশিক্ষণ নেই। অথচ সম্মেলন আয়োজকদের সবারই ভারতে প্রশিক্ষণের সনদ, লাল তালিকাভুক্ত এবং কমান্ডার সহযোদ্ধাদের লিখিত প্রত্যয়নপত্র রয়েছে। তারপরও চূড়ান্ত তালিকায় তাঁদের নাম আসেনি। তাঁরা দাবি করেন, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য সরকারের জারিকৃত প্রজ্ঞাপনকে অবজ্ঞা করা হয়েছে। এ ছাড়া তাঁদের সহযোদ্ধারা যে শর্তে তালিকাভুক্ত হয়েছেন, একই অভিজ্ঞতা ও সনদ থাকা সত্ত্বেও কেন তাঁরা তালিকাভুক্ত হতে পারবেন না, তারও ব্যাখ্যা দাবি করেন তাঁরা। এ সময় সাংবাদিকদের সামনে আরও বক্তব্য দেন নুরুল ইসলাম, হাসান আলী, আবদুল মান্নান প্রমুখ।
তবে যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব ইউএনও ইশরাত ফারজানা অভিযোগ অস্বীকার করে বলেন, বড়াইগ্রামে অত্যন্ত সতর্কতার সঙ্গে মুক্তিযোদ্ধাদের সবকিছু যাচাই-বাছাই করা হয়েছে। বাদ পড়া ব্যক্তিদের আপিলের সুযোগ আছে। তাঁরা আপিল করে নিজেদের পুনরায় যাচাই করিয়ে নিতে পারবেন।