বয়স্কদের জন্যই বড় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন ছাত্রত্ব নেই এমন বয়স্ক নেতাদের কমিটিতে স্থান দিতে গিয়েই ছাত্রদলের কমিটির আকার বাড়ানো হয়েছে। কমিটি গঠনের সঙ্গে যুক্ত ছিলেন এমন একাধিক নেতার সঙ্গে কথা বলে এ কথা জানা গেছে।
এসব নেতা জানান, গত শনিবার রাতে ঘোষিত ৭৩৬ সদস্যের এই বিশাল কমিটির প্রায় সবারই বয়স ২৯ বছরের বেশি। সভাপতির বয়স ৩৭ বছরের বেশি। পদ পাওয়াদের কেউই এখন আর নিয়মিত ছাত্র নন। কেউ কেউ আইন বা অন্য কোনো বিষয়ে স্নাতকোত্তরে ভর্তি হয়ে কিংবা এমফিল করার নামে ‘ছাত্রত্ব’ টিকিয়ে রেখেছেন।
কমিটি গঠনের সঙ্গে যুক্ত বিএনপির দুজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বয়স যা-ই হোক, ছাত্রদল করতেন এমন সবাইকে এবং সংগঠনের সব পক্ষকে খুশি রাখার পাশাপাশি ভবিষ্যতে রাজপথের আন্দোলনে উপস্থিতি নিশ্চিত করতে এত বড় আকারের কমিটি করা হয়েছে। তা ছাড়া আন্দোলনের সময় সরকার ঢালাও গ্রেপ্তার শুরু করলেও যেন সংগঠন নেতৃত্ব-সংকটে না পড়ে, কমিটি করার ক্ষেত্রে এটাও বিবেচনায় এসেছে। তবে বিশ্ববিদ্যালয় ও কলেজ কমিটিতে অপেক্ষাকৃত কম বয়সী ও বর্তমান ছাত্রদের প্রাধান্য দেওয়া হয়েছে।
ছাত্রদলের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়াদের মধ্যে তিন শতাধিক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা। এঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, কেউই নিয়মিত ছাত্র নন। চট্টগ্রামের ১৯ জনকে কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়েছে, তাঁদের মধ্যে নয়জন মহানগর কমিটির। এঁদেরও কারও এখন আর ছাত্রত্ব নেই। দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং জেলা-উপজেলা পর্যায় থেকেও অনেককে কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়েছে। এর বাইরে সিলেটের ইফতেখার আহমেদসহ (দিনার) দীর্ঘদিন ‘নিখোঁজ’ বা ‘গুম’ হয়েছেন এমন ১২ জনকে কমিটিতে রাখা হয়েছে। কমিটিতে স্থান পাওয়াদের বড় অংশের বিরুদ্ধেই কোনো না কোনো মামলা আছে।
ছাত্রদলের নিজস্ব কোনো গঠনতন্ত্র নেই। তবে খসড়া গঠনতন্ত্রে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ১৫১ সদস্যের হওয়ার কথা আছে। এর আগে ছাত্রদলের কমিটি সর্বোচ্চ ২৫১ বিশিষ্ট ছিল। বিএনপির কেন্দ্রীয় কমিটিতে আছেন ৩৮৬ জন। দলটির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটিও কখনো ছাত্রদলের এবারের কমিটির সমান হয়নি।
কমিটির আকার এত বড় হওয়ার কারণ কী, জানতে চাইলে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান গতকাল প্রথম আলোকে বলেন, এক-এগারোর পর থেকে গত নয় বছরে ছাত্রদলের নেতা-কর্মীরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। বহু নেতা-কর্মী সংগঠনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আন্দোলনের সময় অনেকে আহত হয়েছেন, নিখোঁজ হয়েছেন। তাঁদের সবাইকে কমিটিতে রাখা হয়েছে।
বয়স্ক ও অনিয়মিত ছাত্রদের কমিটিতে রাখা প্রসঙ্গে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি হলো ১২ বছর পর। ফলে অনেকেই বিশ্ববিদ্যালয় কমিটিতে থাকার বয়স পার করেছেন। তাই ছাত্রত্ব শেষ হলেও কোনো ত্যাগী নেতা যেন পদবঞ্চিত না হন, সেই চেষ্টা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর কমিটিতে নিয়মিত ছাত্র ও কম বয়সীদের রাখার চেষ্টা করা হয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত শনিবার রাতে দলের সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৭৩৬ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেন। অবশ্য এর আগে ২০১৪ সালের অক্টোবরে রাজিব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ১৫৩ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দিয়েছিলেন খালেদা জিয়া।
ওই আংশিক কমিটি ঘোষণার পর ছাত্রদলে প্রকাশ্য বিদ্রোহ হয়, যা তখন বিএনপির শীর্ষ নেতৃত্বকেও বিব্রত করে। এমন পরিস্থিতির যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য কমিটি অনেক বড় করতে হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের দায়িত্বশীল একাধিক নেতা জানান। তাঁরা বলেন, বর্তমান কমিটিতে স্থান পাওয়া নেতাদের মধ্যে নিয়মিত ছাত্র নেই বললেই চলে। বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে যেসব নেতাকে কেন্দ্রীয় কমিটিতে স্থান দেওয়া হয়েছে, তাঁদের ছাত্রত্ব অনেক আগেই শেষ হয়ে গেছে। ফলে ত্রিশোর্ধ্ব নেতাদের আধিক্য বেশি।
এ ছাড়া এবার ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, সরকারি বাংলা কলেজকে কেন্দ্রীয় কমিটির অধীনে আনা হয়েছে। এর আগে এই কমিটিগুলো ঢাকা মহানগর কমিটির অধীনে ছিল।
শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল কমিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, সরকারি বাংলা কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিট, ঢাকা জেলার কমিটিও ঘোষণা করা হয়। এই কমিটিগুলোর অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
ছাত্রদলের কমিটি সম্পর্কে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, কমিটির আকার বিষয় নয়। যাঁরা কমিটিতে এসেছেন, তাঁরা দক্ষ ও সংগঠনের জন্য নিবেদিতপ্রাণ। তিনি বলেন, অতীতে গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এখন দেশে গণতন্ত্র নেই। ছাত্রদল এবারও গণতন্ত্র পুনরুদ্ধারে গণতান্ত্রিক আন্দোলনের পুরোভাগে থাকবে বলে তাঁর বিশ্বাস।
দুজনের পদ বাতিল: কমিটি অনুমোদনের ২২ ঘণ্টার মধ্যে সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুল ইসলাম ও কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমানের পদ বাতিল করা হয়েছে। গতকাল রাত নয়টায় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।