ভদ্র ছিলেন কেন অভদ্র হচ্ছেন, ফখরুলকে হাছান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আদালত স্বাধীনভাবে কাজ করে এবং স্বাধীন আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শাস্তি হতে পারে, আবার তিনি খালাসও পেতে পারেন।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারার প্রতিবাদ’ শীর্ষক মানববন্ধনে হাছান মাহমুদ এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের কথা উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ভদ্র ছিলেন, দিন দিন কেন অভদ্র হচ্ছেন।

বাংলাদেশের আদালত স্বাধীন উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের সাংসদ কারাগারে আছেন এবং এ সরকারের মন্ত্রীদের আদালতে যেতে হয়। আদালত স্বাধীন বিধায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতা–কর্মীদের বিচার হয়, ফাঁসি হয়। তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় আদালত স্বাধীন ছিল না। তাই মির্জা ফখরুল ইসলাম সাহেবরা মনে করেন, তাঁদের সময় আদালত যেভাবে কাজ করত, এখনো মনে হয় সেভাবে আদালত কাজ করে।’

বিএনপি নেতাদের উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, দেশে আগুন জ্বালিয়ে নিজেরাই সেই আগুনে পুড়েছেন। আবার আগুন জ্বালানোর চেষ্টা করলে আবারও ছারখার হয়ে যাবে বিএনপি। এ সময় তিনি আওয়ামী লীগের নেতা–কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও হামলার বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ছাত্রলীগকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি পক্ষ সব সময় তৎপর থাকে। এ ঘটনার পর মির্জা ফখরুল ইসলাম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতে গিয়ে অভদ্র ভাষায় কথা বলেছেন। তিনি বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, ‘আপনি ভদ্র লোক ছিলেন, দিন দিন কেন আপনি অভদ্র হয়ে যাচ্ছেন?’

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতার হোসেন প্রমুখ।