লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ১৩টি ভোটকেন্দ্রের মধ্যে সব কটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ ও বিএনপির প্রার্থী। তাঁদের আশঙ্কা, ২৮ মে অনুষ্ঠেয় এই নির্বাচনে ভোটকেন্দ্র দখলের চেষ্টা হতে পারে।
তবে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী বলেন, তাঁদের বিবেচনায় কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। শান্তিপূর্ণ ভোট গ্রহণ ও ভোটারদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সাইফুল হাসান; দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম, বিএনপির প্রার্থী মোহাম্মদ আজাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইসমাইল হোসেন।
গতকাল বৃহস্পতিবার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা, ভবানীগঞ্জ, পেয়ারাপুর, চরভূতা, আবদুল্যাহপুর ঘুরে ভোটারদের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকলেও শেষ পর্যন্ত নৌকা ও ধানের শীষের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।
বিদ্রোহী প্রার্থী আবদুল হালিম দাবি করেন, তৃণমূলের মতমতকে উপেক্ষা করে দল প্রার্থী মনোনয়ন দিয়েছে। কয়েক দিন ধরে তাঁর প্রচারণার মাইক ভাঙচুর, পোস্টার ছেঁড়া ও কর্মীদের মারধর করা হচ্ছে। এ জন্য তিনি আওয়ামী লীগের প্রার্থীকে দায়ী করেন। তিনি রিটার্নিং কর্মকর্তাকেও বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন। তাঁর দাবি, ইউনিয়নের সব ভোটকেন্দ্রেই ঝুঁকিপূর্ণ।
এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সাইফুল হাসান বলেন, তাঁর কর্মীদের বিরুদ্ধে মাইক ভাঙচুরসহ যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা।
এদিকে বিএনপির প্রার্থী মোহাম্মদ আজাদ বলেন, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।