
ভরাডুবি টের পেয়েই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৌর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তাঁর দাবি, বিএনপির প্রার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে না। উল্টো অনেক এলাকায় ২০-দলীয় জোটের নেতা-কর্মীরা সরকারদলীয় কর্মীদের ওপর হামলা করছেন, উসকানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনের পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করছেন।
গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এসব কথা বলেন। ঢাকায় খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানাতে চট্টগ্রামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশে নির্বাচনের পরিবেশ ভারতের পৌর নির্বাচনের চেয়ে অনেক ভালো উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘২০-দলীয় জোটের এত উসকানির পরেও আমরা আমাদের নেতা-কর্মীদের ধৈর্য ধরার ও শান্ত থাকার অনুরোধ জানিয়েছি। দু-একটি ঘটনা যেগুলো ঘটেছে, সেগুলো বিচ্ছিন্ন ঘটনা, বিএনপির উসকানিই এর জন্য দায়ী।’
সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ বলেন, বাস্তবতা হচ্ছে, নির্বাচন কমিশনের আচরণবিধির কারণে বিএনপি নয়, বরং সরকারি দলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ হয়নি। পৌর নির্বাচনের আচরণবিধি বিএনপিকে বাড়তি সুবিধা দিয়েছে। বিএনপির প্রার্থীদের পক্ষে সব বড় নেতা প্রচারণা চালাতে পারছেন।
শেষ পর্যন্ত বিএনপির নির্বাচনে থাকার ঘোষণাকে সাধুবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, খালেদা জিয়া সেটি অনুধাবন করতে সমর্থ হয়েছেন। সে জন্য তিনি যে নির্বাচনে শেষ পর্যন্ত থাকার ঘোষণা দিয়েছেন, এ ঘোষণার জন্য তাঁকে ধন্যবাদ। তাঁকে অনুরোধ করব, নির্বাচনের দিন বেলা ১১টা কিংবা ১২টার দিকে আবার নতুন অভিযোগ উপস্থাপন করবেন না।
হাছান মাহমুদ অভিযোগ করেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়া। শুধু বাংলাদেশই নয়, খালেদা জিয়া জঙ্গিদের আন্তর্জাতিক নেটওয়ার্কেরও অন্যতম পৃষ্ঠপোষক।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম।