ভরাডুবিকেও 'সাফল্য' ভাবছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২৮টি পৌরসভার মাত্র ২১টিতে জিতেছে বিএনপি। এর মধ্যে দুজন আছেন বিদ্রোহী। এমন ভরাডুবির পরও ৩০ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনকে গত দুই বছরের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক ‘সাফল্য’ বা ‘বিজয়’ হিসেবে দেখছে দলটি।
এই ‘বিজয়’ ব্যাখ্যা করে বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন পর দলের নেতা-কর্মীরা প্রায় এক মাস ধরে মাঠপর্যায়ে সংগঠিত ও রাজনৈতিক কর্মকাণ্ড করতে পেরেছেন। চরম বৈরী ও ভীতিকর পরিস্থিতির মধ্যেও লড়াইয়ে থেকে নেতা-কর্মীদের মধ্যে আস্থা তৈরি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পৌর নির্বাচনে বিএনপির অন্যতম সমন্বয়ক ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের অনেক কিছুই জনগণের কাছে অদৃশ্য ছিল। এবার তা দৃশ্যমান হয়েছে। বিষয় হচ্ছে, এ নির্বাচনে সরকারের প্রকৃত চেহারা আরও ভালোভাবে প্রকাশ পাওয়া।
২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচন বয়কট এবং ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন মাঝপথে বর্জন করা নিয়ে বিএনপির প্রতি সমালোচনা আছে নানা মহলে। বিএনপি ওই সংসদ নির্বাচনে গেলে বা সিটি নির্বাচনে শেষ পর্যন্ত থাকলে যে কী হতো, এবারের পৌরসভা নির্বাচনে পূর্ণাঙ্গভাবে থেকে তার একটি নজির স্থাপন করা গেছে বলে মনে করছেন বিএনপির নেতৃত্ব।
যদিও গতকাল বৃহস্পতিবার গুলশানে সংবাদ সম্মেলন করে নির্বাচনের ফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা এবং সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ দাবি করেন।
নির্বাচন পরিস্থিতি নিয়ে বুধবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টামণ্ডলী ও যুগ্ম মহাসচিবদের সঙ্গে বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পরে ২০-দলীয় জোটের কয়েকজন নেতার সঙ্গে তিনি কথা বলেন। সেখানে ফল প্রত্যাখ্যান এবং সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ দাবির এই সিদ্ধান্ত হয়।
তাহলে বিএনপির যাঁরা জয়ী হলেন, তাঁদের কী হবে? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা পুরো ফলই প্রত্যাখ্যান করছি।’ তিনি বলেন, পৌর নির্বাচনটি ছিল সরকারের নীলনকশা বাস্তবায়নের আরেকটি নাটক। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এটি আরেকটি কলঙ্কজনক নির্বাচন হিসেবে চিহ্নিত হবে। ইতিপূর্বে উপজেলা এবং ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন একই প্রক্রিয়ায় হয়েছে। এতে প্রমাণিত হয়েছে, এ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু হতে পারে না।
বিএনপির মূল্যায়ন হচ্ছে, রাজনৈতিক দলগুলোর কারও সঙ্গে যোগ-জিজ্ঞেস না করে দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনের আয়োজন ছিল সরকারের পরিকল্পিত রাজনৈতিক মতলব থেকে। এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল দুটি। এক. সরকারের জনপ্রিয়তায় যে ধস নেমেছে, সেটাকে দলভিত্তিক নির্বাচনে ‘জোরজবরদস্তি’ উল্টো প্রমাণ করা। দুই. নির্বাচনের ফল বহির্বিশ্বে তুলে ধরে ২০১৪ সালের ৫ জানুয়ারির ‘ভোটারবিহীন’ ও ‘অগ্রহণযোগ্য’ সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের নৈতিক বৈধতা নিয়ে যে সংকট রয়েছে, তা কাটানোর চেষ্টা করা।
জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সরকারের হামলা-মামলা, গ্রেপ্তার-নির্যাতনের পরও এ নির্বাচনে নেতা-কর্মীরা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পেরেছেন। গত দুই বছরে এটাই সবচেয়ে বড় সাফল্য। এতে আমরা রাজনৈতিকভাবে জয়ী হয়েছি। বড় বিজয় হচ্ছে, সরকারের গণবিচ্ছিন্নতা আরেকবার প্রমাণিত হয়েছে। এ নির্বাচনে তাদের প্রকৃত ফ্যাসিবাদী চেহারা উন্মোচিত হয়েছে।’
দলটির একাধিক দায়িত্বশীল নেতা বলেন, এই রাজনৈতিক ছক বাস্তবায়নে সরকারি দল আওয়ামী লীগ ৩০ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনে অভিনব কৌশল নেয়, যা ছিল ৫ জানুয়ারির সংসদ, উপজেলা ও তিন সিটি করপোরেশন নির্বাচন থেকে আলাদা। এর মধ্যে নির্বাচনের আগের রাতেই ব্যালট বাক্স ভর্তি করা, মেয়র পদপ্রার্থীদের মারধর, তাঁদের বাসা-বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো এবং নির্বাচনী এজেন্টদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্রে যেতে না দেওয়া। এ দুটি বিষয় ছিল এবারের পৌরসভা ও বিগত সিটি নির্বাচনের বিশেষ দিক। এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার অভিযান, পাড়া-মহল্লায় সশস্ত্র মহড়া, ভোটের সকালে ভয়ভীতি প্রদর্শন করে ক্ষমতাসীন দলের নিরঙ্কুশ দখলদারি প্রতিষ্ঠা হয়। এসব কাজে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনকে তারা সহযোগী হিসেবে পেয়েছে।
এর উল্লেখ করে গতকাল সংবাদ সম্মেলনে বিএনপি বলেছে, নজিরবিহীন সন্ত্রাস, সহিংসতা, ব্যালট ছিনতাই, বিএনপির নির্বাচনী এজেন্ট ও প্রার্থীদের ওপর হামলা, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষপাতিত্ব, নির্বাচন কমিশনের অযোগ্যতা ও ব্যর্থতার কারণে জনগণ নির্বাচনে অবাধে ভোট দিতে পারেনি।
যে ২৩৪টি পৌরসভায় নির্বাচন হয়েছে, তার ৮৪টিতেই বিএনপি-সমর্থিত মেয়র ছিলেন। তাঁদের ৭৩ জনকে বিএনপি এবারও প্রার্থী করেছিল। দলীয় মনোনয়ন না পেয়ে ১১ জন বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। কিন্তু বিএনপি দুই বিদ্রোহীসহ সাকল্যে জিতেছে ২৪টিতে।
বিএনপির দাবি, উত্তরাঞ্চলের কিছু কিছু জায়গায় সহিংস পরিস্থিতি ছিল না। যেসব জায়গায় পরিবেশ মোটামুটি শান্ত ছিল, সেসব জায়গায় বিএনপির প্রার্থীরা ভালো ভোট পেয়েছেন। এর মধ্যে উত্তরাঞ্চলের ১৬টি জেলায় বিএনপি ১৩টিতে জিতেছে। এর বাইরে ঠাকুরগাঁও, উলিপুর, সৈয়দপুরেও দলের প্রার্থীরা এগিয়ে আছেন। এর বাইরে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল অঞ্চলে ব্যাপক সহিংসতা ও কারচুপি হয়েছে। চট্টগ্রাম বিভাগের একমাত্র কুমিল্লার বরুড়া, সিলেটের কেবল হবিগঞ্জের তিনটিতে, দক্ষিণাঞ্চলের সাতক্ষীরায় দুটি ও ময়মনসিংহ অঞ্চলের তিনটিতে জিতেছে।
নির্বাচনে এই ভরাডুবিতে বিএনপির সাংগঠনিক দুর্বলতা ফুটে উঠেছে কি না বা এতে নেতা-কর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি করবে কি না, সেই প্রশ্ন উঠেছে। যদিও দলের নেতারা দাবি করছেন, এই ফল দলে কোনো হতাশা তৈরি করবে না। বরং সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে এবং সন্ত্রাসীদের দিয়ে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে, তার ভেতরেও নেতা-কর্মীরা সংগঠিত হতে পেরেছেন। কেন্দ্র দখলের ভোটে আওয়ামী লীগ জিতেছে বটে, এতে তাদের বড় রাজনৈতিক পরাজয় ঘটেছে।
এ বিষয়ে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন প্রথম আলোকে বলেন, ‘পৌরসভা নির্বাচনে আমরা পূর্ণাঙ্গভাবে থাকলাম। জনগণ দেখল, আর যাঁরা বিএনপির নির্বাচন বর্জনের সমালোচনা করত, তারাও দেখল। এখন সবাই বলছেন, ৫ জানুয়ারির নির্বাচনও একই পদ্ধতিতে হতো। এটাই বিএনপির বড় সফলতা।’