ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে চেয়ারম্যানের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল মান্নান গতকাল সোমবার ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তারের বিরুদ্ধে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়সচিব বরাবর লিখিত অভিযোগ করেছেন। নাসিমার বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ দখল করে রাখার অভিযোগ করেছেন আজহারুল মান্নান।
আজহারুল মান্নান কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকও।
ওই অভিযোগে আজহারুল মান্নান বলেন, তাঁর (আজহারুল) বিরুদ্ধে থানায় মামলা থাকায় গত ১৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তাঁকে সাময়িক বরখাস্ত করে। পরে তিনি আদালত থেকে জামিন নিয়ে মন্ত্রণালয়ের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। পরে গত ১৭ আগস্ট উচ্চ আদালত মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশ এক বছরের জন্য স্থগিত করেন। পরে তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফুন নাহার। কিন্তু নাসিমা উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে ক্ষমতার দাপট দেখিয়ে নিজেকে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করে চেয়ারম্যানের অফিস কক্ষ, গাড়ি ও পরিষদের আর্থিক বিষয় দেখভাল করছেন। এ ছাড়া পেশিশক্তিকে কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করে নাসিমা চেয়ারম্যানের পদ দখল করে রেখেছেন।
আজহারুল মান্নান বলেন, ‘আদালতের নির্দেশের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশের পরিপ্রেক্ষিতে আমি ৮ ডিসেম্বর দায়িত্ব নেওয়ার জন্য উপজেলা পরিষদে গিয়ে দেখতে পাই, নাসিমা আমার কক্ষ দখল করে বসে আছেন। পরে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে অবস্থান করে ফিরে আসি।’
তবে নাসিমা তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশ পেলে আমি দায়িত্ব ছেড়ে দেব। আমি ক্ষমতার কোনো অপব্যবহার করিনি।’