ভাগ-বাঁটোয়ারা ত্যাগ করতে অনুরোধ আশরাফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ, দল ও শেখ হাসিনার স্বার্থে নেতা-কর্মীদের ভাগ-বাঁটোয়ারা ত্যাগের অনুরোধ করেছেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তাঁর মতে, সামান্য কিছু পাওয়ার জন্যই সংগঠনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
গতকাল বুধবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগের ২১ আগস্টের আলোচনা সভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা যদি সবকিছুতে নিজেদের মধ্যে কোন্দল করি, নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টি করি, তাহলে আমরা কিন্তু দুর্বল হয়ে পড়ব। তাহলে তারা আবার আঘাত করবে। আমি সকল আওয়ামী পরিবারের প্রতি আহ্বান জানাচ্ছি, ঐক্য গড়ে তুলুন। ক্ষমতায় আছেন দেখে এই সামান্য দু-চার পয়সার ভাগ-বাঁটোয়ারা ত্যাগ করতে পারেন না! দেশের বৃহত্তর স্বার্থে, দলের বৃহত্তর স্বার্থে, জননেত্রীর স্বার্থে। এই সামান্য কিছু পাবেন বলে, পাওয়ার চেষ্টার মধ্যে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকুন। জননেত্রীর কিছুই হবে না, আওয়ামী লীগের কিছুই হবে না।’
১৫ ও ২১ আগস্টের প্রেক্ষাপট বর্ণনা করে আশরাফ বলেন, ‘১৫ আগস্টে লক্ষ্য ছিল বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করা। আর ২১ আগস্টে টার্গেট ছিল ভিন্ন। সেখানে নেত্রীসহ আওয়ামী লীগের নেতাদের এক হামলায় শেষ করে দেওয়ার প্রয়াস ছিল। শেখ হাসিনার রক্ষা হয়। আর আইভি রহমানসহ ২২ জন নেতা-কর্মী নিহত হন। শত শত আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের নেতা-কর্মী আহত হন।’
শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।