ভাগ হচ্ছে ঢাকা মহানগর আ.লীগ, কমিটি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ অপেক্ষার পর ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিণে ভাগ করে আওয়ামী লীগের দুটি কমিটির ঘোষণা আসছে আজ রোববার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলটির ধানমন্ডির কার্যালয়ে এ ঘোষণা দেবেন। কমিটি ঘোষণার পর ঢাকা মহানগর আওয়ামী লীগ ‘ঢাকা মহানগর আওয়ামী লীগ (উত্তর)’ ও ‘ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ)’ নামে পরিচালিত হবে।
আওয়ামী লীগের দপ্তর থেকে গতকাল শনিবার জানানো হয়েছে, বেলা ১১টায় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলন করবেন। দলীয় সূত্র জানায়, মহানগর কমিটি ঘোষণার জন্যই এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। প্রাথমিকভাবে দুই মহানগর, এর প্রতিটি থানা ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। কয়েক দিনের মধ্যে দেওয়া হবে মহানগরের পূর্ণাঙ্গ কমিটি। থানা ও ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি কিছুটা দেরি হতে পারে।
সূত্র জানায়, মহানগর উত্তরে সভাপতি এ কে এম রহমতুল্লাহ ও সাধারণ সম্পাদক সাদেক খান এবং দক্ষিণে সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ হতে পারেন।
প্রায় সাড়ে নয় বছর পর ২০১২ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। কাউন্সিলররা দলীয় প্রধানকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষমতা দেন। মহানগরের অন্তর্গত ১০৩টি ওয়ার্ড, ১৭টি ইউনিয়ন ও ৪৯টি থানা কমিটি গঠন ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা ছিল।
আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, ঢাকাকে দুই ভাগ করা এবং রাজনৈতিক নানা হিসাব-নিকাশের কারণেই কমিটি ঘোষণায় দেরি হয়। গত বছরের এপ্রিলে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের পর কেন্দ্রীয় নেতা সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক ও সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খানকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের জন্য পৃথক দুই কমিটি করার দায়িত্ব দেন শেখ হাসিনা। ফারুক খান উত্তরে ঢাকা-১১ আসনের সাংসদ এ কে এম রহমতুল্লাহ ও দলের নেতা সাদেক খানকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে খসড়া কমিটির প্রস্তাব করেন। দক্ষিণের জন্য আব্দুর রাজ্জাক সভাপতি হিসেবে এম এ আজিজ ও শাহে আলম মুরাদকে সাধারণ সম্পাদক প্রস্তাব করে কমিটি চূড়ান্ত করে জমা দেন। গত ২৩ জানুয়ারি এম এ আজিজ মারা যান। পরে তাঁর স্থলে লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতকে সভাপতি হিসেবে চূড়ান্ত করা হয়।
জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, ‘ঢাকায় দুটি সিটি করপোরেশন ভাগ করা হয়েছে, সবকিছু এখন দুই ভাগে পালিত হচ্ছে। এ কারণে ঢাকা মহানগর আওয়ামী লীগের দুটি কমিটি হবে। রোববার বেলা ১১টায় ধানমন্ডির কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হবে।’
আওয়ামী লীগের ঢাকা মহানগর শাখার সর্বশেষ কমিটি গঠিত হয় ২০০৩ সালের ১৮ জুন। ওই বছরের জুনে সম্মেলন অনুষ্ঠিত হলেও পরের বছর ২০০৪ সালের ১ এপ্রিল মোহাম্মদ হানিফকে সভাপতি ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সাধারণ সম্পাদক করে গঠিত পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০০৬ সালের নভেম্বরে মারা যান মোহাম্মদ হানিফ। তাঁর মৃত্যুর পর ১ নম্বর সহসভাপতি ওমর আলী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে থাকেন। এরপর ওয়ান-ইলেভেনের পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব পান ৬ নম্বর সহসভাপতি এম এ আজিজ।