ভাগ-বাঁটোয়ারার দ্বন্দ্বে সংঘর্ষে জড়াচ্ছে আ.লীগ: ফখরুল
ভাগ-বাঁটোয়ারার দ্বন্দ্বে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রতিনিয়ত সংঘর্ষে জড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাংবাদিকেরা সত্য কথা বললে বা ছবি তুলতে গেলে গুলি করে মারা হচ্ছে।
গতকাল রোববার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক প্রতিবাদ সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি এই প্রতিবাদ সভার আয়োজন করে।
সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুটি পক্ষের সংঘর্ষের সময় গুলিতে একজন সাংবাদিক নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রতিদিন পত্র-পত্রিকা খুললে দেখা যায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের লোকজনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘর্ষের খবর। এসব দ্বন্দ্ব লুটের ভাগ-বাঁটোয়ারা নিয়ে।
বিএনপি মহাসচিবের দাবি, এখন দেশে কেউ নিরাপদ নয়। কারও ঘরে তরুণ ছেলে থাকলে পরিবার আতঙ্কে থাকে, বাসা থেকে বের হলে জঙ্গি বলে ধরা হয় কি না। তিনি জামায়াতে ইসলামীর ২৮ নারী কর্মীকে গ্রেপ্তারের সমালোচনা করেন।
তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, একটি মহল এক-এগারোর আগে থেকে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছিল।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা আবদুস সালাম, আমান উল্লাহ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।