ভাঙ্গা পৌরসভায় ব্যক্তির জয়
২৬ মাস পর ফরিদপুরের ভাঙ্গায় আবার নৌকার জয় হয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভাঙ্গা এলাকা থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে হেরে গিয়েছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ।
সেবার আনারস নিয়ে জিতে যান স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান ওরফে নিক্সন চৌধুরী। এ অঞ্চলটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও নৌকার পরাজয়ে সে সময়ের ভোটাররা মূল্যায়ন করেছিলেন এভাবে, ‘আমরা নৌকা ত্যাগ করিনি। মাঝি পাল্টে দিয়েছি মাত্র।’
ভাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হন সাবেক মেয়র আবু ফয়েজ মো. রেজা। তাঁকে সমর্থন দেন কাজী জাফরউল্যাহ। অপর দিকে মজিবর রহমান চৌধুরী তাঁর মনোনীত প্রার্থী হিসেবে সাবেক বিএনপির নেতা জাফর মুন্সীকে দাঁড় করান। ভাঙ্গাবাসী মেয়র পদের নির্বাচনকে দুই নেতার মর্যাদার লড়াই হিসেবে দেখতে থাকেন। নির্বাচনের দুই দিন আগে ভাঙ্গার সর্বস্তরের ভোটারের মতামতের ভিত্তিতে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়।
নির্বাচনে নৌকার জয় কাজী জাফরউল্যাহর পক্ষে গেলেও অধিকাংশ ভোটারের ধারণা, নিজের সততা ও যোগ্যতার কারণে জিতেছেন আবু ফয়েজ মো. রেজা।
ভাঙ্গা বাজার এলাকার ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, এলাকায় ভালো ইমেজ বলে ফয়েজ বারবার নির্বাচিত হচ্ছেন। বিএনপির সময়ে তিনি মেয়র হয়েছেন। মানুষ দলকে নয়, ভোট দিয়েছেন ব্যক্তি ফয়েজকে।
কাপুরিয়া সদরদী এলাকার বাসিন্দা মোল্লা মো. হাবিবুর রহমান বলেন, ভাঙ্গা পৌরবাসী যোগ্য লোককে যোগ্য জায়গায় বসিয়েছে।
কোর্টপাড় এলাকার এ কে জহিরউদ্দিন বলেন, নিজের যোগ্যতায় জিতেছেন ফয়েজ। দলীয় সমর্থন না থাকলেও তিনিই মেয়র হতেন।
হাশামদিয়া এলাকার বাসিন্দা ও আইনজীবী অনিল চন্দ্র মরণ বলেন, ফয়েজ যোগ্য প্রার্থী হিসেবে জিতলেও এ ফলাফল কাজী জাফরউল্যাহর ইমেজ বাড়াবে।
ভাঙ্গা পৌরসভার নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আওয়ামী লীগের আবু ফয়েজ মো. রেজা ১০ হাজার ৩০৯ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু জাফর মুন্সী পেয়েছেন ৭ হাজার ২২৫ ভোট।
২০১৪ সালের সংসদ নির্বাচনের পর ভাঙ্গার আওয়ামী লীগ কাজী জাফরউল্যাহ ও মজিবর রহমান চৌধুরীর নেতৃত্বে বিভক্ত হয়ে পড়ে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ দুই পক্ষ গত ২৬ মাসে একাধিকবার বিরোধে জড়িয়ে পড়ে। সাংসদের কাজে বাধা দেওয়ায় পাল্টাপাল্টি সভা এবং পরিণামে ১৪৪ ধারা জারির ঘটনাও ঘটে। দুই নেতার দ্বন্দ্বের কারণে গত বছর অগ্রহায়ণ মাসে ভাঙ্গার শতবর্ষের প্রাচীন উৎসব নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে পারেনি।
কাউন্সিলর হলেন যাঁরা: নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সখিনা মোস্তফা, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে আনজুমান আরা এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে কুলসুম বেগম। সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে ওমর ফারুখ হবি, ২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ওমর আলী, ৩ নম্বর ওয়ার্ডে মো. শাহেব আলী মাতুব্বর, ৪ নম্বর ওয়ার্ডে মো. লুৎফর রহমান, ৫ নম্বর ওয়ার্ডে মো. বজলু মাতুব্বর, ৬ নম্বর ওয়ার্ডে শেখ সৈয়দ আলী, ৭ নম্বর ওয়ার্ডে আবদুল বাকী মাতুব্বর, ৮ নম্বর ওয়ার্ডে লিয়াকত মোল্লা ও ৯ নম্বর ওয়ার্ডে টুটুল ফকির নির্বাচিত হয়েছেন।