ভাঙ্গা বিএনপির একাংশের সম্মেলন
ফরিদপুরে বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ-সমর্থিত অংশের উদ্যোগে ভাঙ্গা উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। ভাঙ্গা বিশ্বরোড এলাকায় বিএনপি নেতা মিজানুর রহমানের কার্যালয়সংলগ্ন মাঠে গতকাল বৃহস্পতিবার ওই সম্মেলন হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালসাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আবু জাফর মুন্সী। বক্তব্য দেন জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান, জেলা ছাত্রদলের সভাপতি ও ফরিদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ প্রমুখ।
সম্মেলনে বক্তারা নিজেদের প্রকৃত বিএনপি দাবি করে বলেন, যাঁরা দিনে বিএনপি ও রাতে আওয়ামী লীগ করে তাঁদের বাদ দিয়ে দলের পরীক্ষিত নেতা-কর্মীদের দিয়েই এ সম্মেলন করা হচ্ছে।
সম্মেলন শেষে বেলা তিনটার দিকে উপজেলা কমিটি ঘোষণা করা হয়। উপজেলা বিএনপির সভাপতি হিসেবে জেড এম দেলোয়ার ও সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমানের নাম ঘোষণা করা হয়।
একই অনুষ্ঠানে ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলনও হয়। সম্মেলন শেষে পৌর বিএনপির সভাপতি হিসেবে আবু জাফর মুন্সীর নাম ঘোষণা করা হয়। তবে সাধারণ সম্পাদক নিয়ে বিরোধ দেখা দেওয়ায় ওই পদে কারও নাম ঘোষণা করা হয়নি।
ফরিদপুরে বিএনপি দুই ভাগে বিভক্ত। এক অংশের নেতৃত্ব দিচ্ছেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ। অপর অংশের নেতা জেলা বিএনপির সভাপতি জহিরুল হক ওরফে শাহাজাদা মিয়া।
এদিকে জহিরুল হক-সমর্থিত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা বলেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সম্মেলন ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। ভাঙ্গা পাইলট হাইস্কুল মাঠে সম্মেলন করার জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছে। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন জেলা বিএনপির সভাপতি জহিরুল হক।