ভাঙ্গায় হামলায় নিহত ১, বিভিন্ন স্থানে আহত ৩২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রতিপক্ষের হামলায় মোসলেম তালুকদার (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ছাড়া শুক্রবার ও গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতায় আহত হয়েছেন ৩২ জন। ভাঙচুর করা হয়েছে দোকানপাট ও বাড়িঘর।
গত ফেব্রুয়ারি মাসে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় এ নিয়ে সারা দেশে অন্তত ৭৪ জন প্রাণ হারালেন। ঢাকার বাইরে প্রথম আলো কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে নুরুল্লাগঞ্জ ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মহিউদ্দিন খানের কয়েকজন সমর্থক দক্ষিণ ফুকুরহাটি গ্রামে ভোট চাইতে যান। এ সময় আরেক সদস্য পদপ্রার্থী মো. আক্কাস ব্যাপারীর আত্মীয় মোসলেম তালুকদারের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে মোসলেম তালুকদারের মুখে ঘুষি মারা হলে তিনি মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রাত সাড়ে আটটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের মৃত জসীম তালুকদারের ছেলে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মোসলেমের ছেলে লালচান তালুকদার বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
সরিষাবাড়ী (জামালপুর): সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের মানববন্ধনে দলটির মনোনীত প্রার্থীর লোকজন হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় আবুল কালাম আজাদসহ আহত হয়েছেন ১৫ জন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ডোয়াইল বাজার এলাকায় নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আবুল কালাম আজাদ ও তাঁর লোকজন মানববন্ধন করেন। এ সময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাছির উদ্দিনের লোকজন লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালান।
শুক্রবার রাতে নাছির উদ্দিন ও বিএনপির মনোনীত আরেক চেয়ারম্যান পদপ্রার্থী মোর্শেদুল আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হন ১০ জন। এ সময় সাতটি দোকান ও চারটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। জানতে চাইলে নাছির উদ্দিন বলেন, শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গতকাল ‘একটু মারামারি হয়েছে’।
মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউপির আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের হামলায় এক স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর সাত সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী মো. আজহারুল ইসলাম মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলার পাকশিমুল ইউপির নির্বাচনকে কেন্দ্র করে কলেজছাত্র মোবাশ্বের মিয়া (২২) হত্যা মামলার আসামিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
কয়েকজন গ্রামবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান, গতকাল সকাল পর্যন্ত কামাল উদ্দিন, তাঁর বড় ভাই জালাল উদ্দিনের (৪৫) বাড়িসহ অন্তত ২০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। সরাইল থানার ওসি রূপক কুমার সাহা বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা নিশ্চিত করে গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, মোবাশ্বের খুনের ঘটনায় তাঁর বাবা আবদুর রাজ্জাক শুক্রবার দুপুরে সরাইল থানায় ৭০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ কামাল উদ্দিনসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে।
নাটোর: বড়াইগ্রাম উপজেলার নগর ও চান্দাই ইউপির চারজন চেয়ারম্যান পদপ্রার্থী এবং নগর ইউনিয়নের সাতজন সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্য পদপ্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন ওই আদালত পরিচালনা করেন। মোবারক হোসেন বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে ও যানবাহনে পোস্টার লাগানোর অপরাধে প্রার্থীদের প্রাথমিকভাবে সতর্ক করতে জরিমানা করা হয়।