ভাবির জয় ননদের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে কাউন্সিলর পদে অবশেষে ‘ভাবিই’ বিজয়ী হয়েছেন। ভাবি রোনা বিবি তাঁর ননদ নারগিস বিবির চেয়ে ১১৫ ভোট বেশি পেয়ে সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ওই ওয়ার্ডে তাঁরা ছাড়াও আরও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
গত বুধবার রাতে প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা যায়, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে রোনা বিবি চকলেট প্রতীক নিয়ে ১ হাজার ১ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নারগিস বিবি পেয়েছেন ৮৮৬ ভোট। নারগিস বিবি গতবারের নির্বাচিত ওই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১০ সালের নির্বাচনে কসবা গ্রামের আবদুল হামিদের স্ত্রী নারগিস বিবি সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। এবারের নির্বাচনে একই ওয়ার্ডে তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে বড় ভাই মাহাবুর রহমানের স্ত্রী রোনা বিবিও মনোনয়নপত্র দাখিল করেন। তাঁরা দুজনেই মাঠে ছিলেন সক্রিয়।
বিজয়ী রোনা বিবি জানান, তিনি এলাকার উন্নয়নে ও নারীর অধিকার আদায়ে কাজ করবেন। জয়-পরাজয় থাকবে। এটা মানতেই হবে। ননদ নারগিস বিবিও নিজের পরাজয় নিয়ে হতাশ নন।
নারগিস বিবি বলেন, নির্বাচনে লড়েছেন। দীর্ঘ পাঁচ বছর এলাকার উন্নয়নে কাজ করেছেন। এটাই বড় সান্ত্বনা।