‘ভাবে বোঝা যায়, ২০১৯ সালের জাতীয় নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নেবেন’ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যেকোনো দিন নির্বাচন হবে। আপনার ভাবে বোঝা যায়, আপনি নির্বাচন করবেন।’
গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের সামনে রাসেল স্কয়ারে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, ‘খালেদা জিয়া, আমরা ওই দিনটার জন্য অপেক্ষায় আছি। আপনার অবস্থা এবারের মেয়র ইলেকশনের মতো হবে।’
৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ সমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা যোগ দেন। অনেকে ব্যানার, ফেস্টুন ও নৌকা নিয়ে সমাবেশে আসেন।
বিএনপির নেত্রীকে উদ্দেশ করে তোফায়েল আহমেদ আরও বলেন, ‘আপনি অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডাকলেন। আজ পর্যন্ত¯অবরোধ প্রত্যাহার করেন নাই। ওনার অবরোধের মেয়াদ আজকে এক বছর। উনি বলেছিলেন, শেখ হাসিনার পতন না ঘটিয়ে ঘরে ফিরবেন না। কিন্তু উনি আদালতে স্যারেন্ডার করে ঘরে ফিরলেন। আপনি আরও বহুবার স্যারেন্ডার করবেন। কারণ আপনাদের পরাজয় শুরু হয়েছে।’
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে সামরিক শাসন আসত বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘সাংবাদিক বন্ধুরা লিখে রাখেন, ২০১৯ সালে ধানের শীষ প্রতীক নিয়ে শেখ হাসিনার অধীনে খালেদা জিয়া নির্বাচনে আসবেন। খালেদা আন্দোলনেও পরাজিত হয়েছেন, নির্বাচনের মাঠেও পরাজিত হয়েছেন। কোনো মাঠেই তিনি আর ছাড় পাবেন না।’
সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের যদি ৪৪ বছর পর মানবতাবিরোধী অপরাধের জন্য বাংলার মাটিতে বিচার হয়ে থাকে, খালেদা জিয়াকেও ২০১৪ ও ২০১৫ সালে মানুষ হত্যার জন্য বিচারের মুখোমুখি হতে হবে।’
আলোচনার মাধ্যমে নতুন নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য খালেদা জিয়ার আহ্বান প্রসঙ্গে শেখ সেলিম বলেন, ‘উনি আইন মানেন না, আদালত মানেন না, সংসদ মানেন না। উনি একটা পারেন—পাকিস্তানের পরামর্শে বাংলাদেশকে ধ্বংস করতে। আর কিছুই পারেন না। তো ওনার সঙ্গে কিসের আলোচনা? সন্ত্রাসী-নাশকতাকারীদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন সুরঞ্জিত সেনগুপ্ত, সাহারা খাতুন, ইয়াফেস ওসমান, দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক, আবদুস সোবহান প্রমুখ।