ভারত এ দেশের গণতন্ত্রকামী মানুষের সঙ্গে থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সরকারকে প্রশ্রয় না দিয়ে ভারত এই দেশের ‘গণতন্ত্রকামী’ মানুষের সঙ্গেই থাকবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল সোমবার এক সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানের নামে গণগ্রেপ্তার হয়েছে—এমন অভিযোগে ‘গণগ্রেপ্তারের প্রতিবাদে’ ঢাকা মহানগর বিএনপি ওই সমাবেশের আয়োজন করে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, গুপ্তহত্যা ও জঙ্গিবাদের উত্থান ঠেকাতে ব্যর্থ হয়ে সরকার জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে সাঁড়াশি অভিযানের নামে গণগ্রেপ্তার চালিয়েছে। তবে তারা একটি ক্ষেত্রে সফল হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী রোববার বলেছেন, বাংলাদেশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে, সঠিক পথে আছে।
বিএনপির মহাসচিব বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী শুধু নয়, অকৃত্রিম বন্ধু। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সব সময় প্রত্যাশা করব, ভারতবর্ষ বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের সঙ্গেই থাকবে। তারা এমন কোনো শক্তি বা সরকারকে প্রশ্রয় দেবে না বা সহযোগিতা করবে না, যারা বাংলাদেশের মানুষের ওপর চড়াও হয়ে এসেছে।’
মির্জা ফখরুল তাঁর দলের নেতা-কর্মীদের নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে এবং কারাগারে থাকা নেতা-কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। তাদের সঙ্গে বন্ধুত্ব অপরিহার্য। কিন্তু সেটি হতে হবে সমমর্যাদা ও সমান অধিকারের ভিত্তিতে। তারা এক ব্যক্তি বা একটি দলকে বেছে নিলে তা হবে না। ভারতের দিকে ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসের সঙ্গে কারা জড়িত তা ভবিষ্যতে প্রকাশ পাবে।
অন্যদের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির প্রমুখ বক্তব্য দেন।