ভারত নয়, জনগণ চাইলে আ.লীগ ক্ষমতায় আসবে
‘বিএনপি আগামী নির্বাচনে জনগণের ভোটে হেরে যাওয়ার ভয়ে ভারতবিরোধিতার পুরোনো ভাঙা রেকর্ড বাজাচ্ছে। ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখেই সমস্যার সমাধান করতে চাই। ভারত আমাদের ক্ষমতায় বসাবে না, বাংলাদেশের জনগণ চাইলেই আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসবে।’
আজ সোমবার মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়া মোরা এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বার্থ আদায়ের। শেখ হাসিনার বর্তমান সফরের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক বহুমাত্রিক উচ্চতা পেয়েছে। এ সম্পর্কের মাধ্যমে ভারত-বাংলাদেশের অমীমাংসিত সমস্যাগুলোরও সমাধান হবে।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আগামী নির্বাচনে জনগণের ভোটে হেরে যাওয়ার ভয়ে ভারতবিরোধিতার পুরোনো ভাঙা রেকর্ড বাজাচ্ছে। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখেই সমস্যার সমাধান করতে চাই। ভারতের সঙ্গে বৈরিতা করে বাংলাদেশের ’৭৫-পরবর্তী কোনো সরকার ভারতের কাছ থেকে কোনো কিছুই আদায় করতে পারেনি। ২১টি বছর ভারতবিরোধিতার রাজনীতি আমাদের অনেক ক্ষতি করেছে এবং সেটার মাশুল এখন আমাদের দিতে হচ্ছে। আমরা সম্পর্ক ভালো রেখেই আমাদের ন্যায্য পাওনা আদায় করতে চাই। ভারত আমাদের ক্ষমতায় বসাবে না, বাংলাদেশের জনগণ চাইলেই আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসবে।’
সোমবার দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়া মোরা এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বার্থ আদায়ের। শেখ হাসিনার বর্তমান সফরের মধ্য দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক বহুমাত্রিক উচ্চতা পেয়েছে। এ সম্পর্কের মাধ্যমে ভারত বাংলাদেশের অমীমাংসিত সমস্যাগুলোরও সমাধান হবে।
এ সময় মন্ত্রী ঢাকা-মাওয়া মহাসড়কে চলাচলরত যানবাহনের ফিটনেস এবং সার্টিফিকেট যাচাই-বাছাই করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩টি মামলা এবং ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।