ভারত যাচ্ছে জাপার প্রতিনিধি দল
জাতীয় পার্টির (জাপা) আট সদস্যের একটি প্রতিনিধি দল আগামীকাল সোমবার ভারত যাচ্ছে। আগামী ৭ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।
জাপার দায়িত্বশীল একটি সূত্র জানায়, সাত দিনের সফরে প্রতিনিধি দলটি ভারতের লোকসভার স্পিকার, ডেপুটি স্পিকার, উচ্চ পর্যায়ের কর্মকর্তা, কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও বিজেপির গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদের রাজনৈতিক উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। অন্য সদস্যরা হলেন দলীয় সাংসদ ফখরুল ইমাম, আলতাফ আলী, পীর ফজলুর রহমান, জিয়াউল হক মৃধা, নুরুল ইসলাম, আমির হোসেন ভূইয়া ও মোহাম্মদ নোমান।
এ বিষয়ে জানতে চাইলে জিয়াউদ্দিন বাবলু প্রথম আলোকে বলেন, ‘বন্ধুপ্রতিম দল হিসেবে ভারত সরকার আমাদের আমন্ত্রণ জানিয়েছে, আমরা যাচ্ছি। এ সফরে দু’দেশের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করার ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’