ভারত সফর সফল, বললেন জাপা নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফর করে দেশে ফেরার আগে বাংলাদেশের জাতীয় পার্টির নেতারা জানালেন, তাঁদের এই সফর সফল ও ইতিবাচক। জাতীয় পার্টির নেতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে এই সফরে এসেছিলেন জাতীয় পার্টির শীর্ষ চার নেতা। ভারতে এসে এরশাদ ও দলীয় প্রতিনিধিরা দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে।

আজ বুধবার সফর শেষ করে দেশে ফেরে জাতীয় পার্টির এই প্রতিনিধিদলটি।

ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে দলনেতা এরশাদ কোনো কথা বলেননি। তবে তাঁরই দলের প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু সংবাদমাধ্যমকে বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র ভারতের মতো দৃঢ় ও প্রোথিত নয়। অনেক ঘাত-প্রতিঘাত ও পরীক্ষার মধ্য দিয়ে তা চলছে। গণতন্ত্রকে দৃঢ় করতে জাতীয় পার্টির এই ভূমিকাকে ভারত স্বীকৃতি দেয় বলেই তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে।

জিয়াউদ্দিন আহমেদ এ কথাও বলেন, প্রায় দ্বিখণ্ডিত বাংলাদেশি রাজনীতিতে জাতীয় পার্টি তৃতীয় শক্তি হিসেবে জায়গা করে নিয়েছে। গণতন্ত্রের বিকাশে তাঁদের দলের এই ভূমিকা এবং জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে ভারতীয় নেতৃত্ব আগ্রহী। নেতাদের সঙ্গে আলোচনায় তাঁরা সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করেছেন। তিনি জানান, সুষমা স্বরাজকে দলনেতা এরশাদ বলেছেন, এমন কোনো বিষয় নেই যা দুই দেশের মধ্যে বিরোধপূর্ণ। বিবাদের কোনো ক্ষেত্রই নেই, বরং দ্বিপক্ষীয় প্রতিটি বিষয়ই দুই দেশের স্বার্থের পরিপূরক।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে এরশাদের বৈঠক প্রসঙ্গে জিয়াউদ্দিন বাবলু বলেন, ধর্মীয় মৌলবাদ ও সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ দুই দেশের কাছেই প্রবল। কীভাবে একযোগে তার মোকাবিলা করা যায়, তা নিয়েই প্রধানত কথা হয়।

ভারত সরকারের আমন্ত্রণে এরশাদ ভারতে এলেও ভারত সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। বিএনপি ও আওয়ামী লীগের নেতারা ভারত সফরে এসে এ দেশের ‘থিঙ্ক ট্যাংক’-এর সদস্যদের সঙ্গে বৈঠক করলেও এরশাদ বা তাঁর প্রতিনিধিরা তা করেননি। তাঁর সফরসঙ্গী অন্য সদস্যরা ছিলেন রুহুল আমিন হাওলাদার, সুনীল শুভ্র রায় ও অবসরপ্রাপ্ত মেজর খালেদ আখতার।

বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে জাতীয় পার্টিকে ভারত স্বীকার করে বলেই ২০১৪ সালের ভোটের আগে তৎকালীন পররাষ্ট্রসচিব সুজাতা সিং ঢাকায় গিয়ে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে দেখা করেছিলেন। জাতীয় পার্টির অংশগ্রহণ সেই ‘প্রশ্নবিদ্ধ’ নির্বাচনকে বৈধতা দিতে সাহায্য করেছিল। আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির ভূমিকা কী হবে, তা জানার একটা আগ্রহ ভারতের রয়েছে। বিশেষ করে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপি যখন এখনো দোদুল্যমান।