ভারতবিরোধী নই, আশ্বস্ত করতে চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরের সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে আশাবাদী হয়ে উঠেছে বিএনপি। বৈঠক হলে এবার দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কৌশলী বক্তব্য উপস্থাপন করতে চায় বিএনপি। তবে বিএনপি যে ভারতবিরোধী নয়-মূলত এই বার্তাটাই মোদিকে দিতে চায় দলটি। দলের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে।
এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তাঁর ঢাকা সফরের সময় খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। সেসময় সফরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ঢাকায় কর্মরত একাধিক কূটনীতিক প্রথম আলোকে জানিয়েছিলেন, ৫ জানুয়ারির নির্বাচন, বাংলাদেশে গণতন্ত্র নেই ইত্যাদি বিষয় সৌজন্য সাক্ষাতে বারবার উল্লেখ করেন খালেদা জিয়া। এটি সুষমা স্বরাজ ভালোভাবে নেননি।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, বিভিন্ন সময় বিএনপির ভারত-বিরোধী বক্তব্য, ২০১৩ সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করতে খালেদা জিয়ার না যাওয়া, বিএনপির আমলে ১০ ট্রাক অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন কারণে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক খুব একটা উষ্ণ নয়। ভারতের কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের একটি ঐতিহাসিক সম্পর্ক আছে। অনেকের ধারণা ছিল, বিজেপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ওই সম্পর্কে ছেদ পড়বে। বিজেপির সঙ্গে আওয়ামী লীগের চেয়ে বিএনপির সম্পর্ক ভালো মনে করা হতো। কিন্তু বাস্তবতা হচ্ছে, ভারতের সব সরকার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে জাতীয় স্বার্থকে অভিন্নভাবে দেখে। কারণ কোনো দল নয়, পররাষ্ট্র নীতি অনেক ক্ষেত্রে ঠিক করে দেয় ‘স্ট্যাবলিশমেন্ট’। এখন বিজেপি ক্ষমতায়, সব মিলে বিএনপি চায় ভারতের সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক গড়ে উঠুক। কারণ এই অঞ্চলের রাজনীতিতে ভারত কতটা গুরুত্বপূর্ণ তা ৫ জানুয়ারির নির্বাচনেও টের পেয়েছেন তাঁরা। 

আগামী ৬ ও ৭ জুন প্রথমবারের মতো বাংলাদেশ সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিএনপির সূত্র বলছে, ৭ জুন বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ প্রায় চূড়ান্ত। এ ছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলাদা সাক্ষাৎ হতে পারে। এই সাক্ষাৎ নিয়ে বিএনপির চেয়ারপারসনের কয়েকজন উপদেষ্টা ও ভাইস চেয়ারম্যান কাজ করছেন। বিএনপি নরেন্দ্র মোদির কাছে বাংলাদেশের বিশেষ কোনো দল নয় বরং ‘ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক’ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে চায়। এ ছাড়া দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের বিষয়টি কৌশলে উপস্থাপন করতে চায়।
নাম প্রকাশ না করার শর্তে দলের একজন নেতা প্রথম আলোকে বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয় তাঁরা এবার সরাসরি উপস্থাপন করতে চান না। কারণ ভারত বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে ভালোভাবেই জানে। বিএনপি তাদের বক্তব্য উপস্থাপন করতে চায় এভাবে যে, ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ। তার পাশের দেশেও গণতন্ত্র বিকশিত হোক তা নিশ্চয় ভারত চাইবে এবং তাদের জন্য তা বেশি স্বস্তির হবে। ওই নেতা বলেন, মোদির সঙ্গে বিএনপির চেয়ারপারসনের বৈঠক ৭ জুন প্রায় চূড়ান্ত। কিন্তু বাংলাদেশ সরকার এ ক্ষেত্রে কিছুটা নেতিবাচক বলে তাঁদের মনে হচ্ছে। বিএনপির অন্য একটি সূত্র জানায়, বিএনপি ভারত ও বিজেপিকে এই বিষয়টি আশ্বস্ত করতে চাইবে যে, বিএনপি ভারতবিরোধী নয়। বিএনপি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আস্থার সম্পর্ক রাখতে চায় এবং ক্ষমতায় গেলেও ইতিবাচক মনোভাবই থাকবে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে নরেন্দ্র মোদির সফরে ভারতের কাছে তাঁরা সেই সমর্থন চাইবেন।
তবে এ সফর নিয়ে বিএনপির পক্ষে কাজ করছেন এমন কেউ উদ্ধৃত হতে রাজি হননি। এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির বর্তমান মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রথম আলোকে বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সফরের বিস্তারিত সূচি গোপন রাখা হয়। এ কারণে এখন বিএনপি এ বিষয়ে কিছু বলতে চান না। গত বুধবার এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়ে আসাদুজ্জামান রিপন বলেছিলেন, বিএনপি কখনো ভারতবিরোধী রাজনীতি করেনি, করছে না, করবেও না।