ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প নিয়ে বিএনপির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তনদী সংযোগ প্রকল্প নিয়ে ভারতের পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। প্রতিবেশী এই দেশটির সঙ্গে অভিন্ন নদীর পানির হিস্যা আদায়ে আরও উদ্যোগী হতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে দলটি।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ আহ্বান জানান।
আসাদুজ্জামান বলেন, ১৩ জুলাই ভারতের সেচমন্ত্রীর বরাত দিয়ে সে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, ভারত তিনটি নদীতে বাঁধ দিয়ে আন্তনদী সংযোগ প্রকল্প চালু করতে যাচ্ছে। এই খবরে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, এটি ভারতের নিজস্ব বিষয় হলেও এর প্রভাব পড়বে বাংলাদেশে। ব্রহ্মপুত্রসহ অনেক নদী এতে পানিশূন্য হয়ে পড়তে পারে।
আসাদুজ্জামান আরও বলেন, ভারত-বাংলাদেশের অভিন্ন নদীগুলোতে বাংলাদেশের পানির যে ন্যায্য হিস্যা তা আদায় করা সরকারের দায়িত্ব। বিষয়টি নিয়ে তিনি ভারতকে চাপ দিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিতেও বিএনপি প্রস্তুত।