প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষাবিষয়ক সমঝোতা সই করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তাঁর আশঙ্কা, অন্য বড় কোনো দেশের সঙ্গে যুদ্ধ হলে ভারত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করবে।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় গয়েশ্বর এসব দাবি করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন ‘জাতীয় সম্পদ, জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম খালেদা জিয়ার ডাক’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে।
গয়েশ্বর রায় প্রশ্ন রাখেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় থাকলে এত চুক্তি করতে হবে কেন? তিনি বলেন, ‘বিয়ের কাবিন দিয়ে যেমন ভালোবাসা বাড়ে না, তেমনি চুক্তির বেড়াজালে বন্ধুত্ব বাড়বে না; বরং ঘৃণা বাড়বে।’