ভারতের সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তি হয়নি: আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ। ফাইল ছবি
হাছান মাহমুদ। ফাইল ছবি

ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সইয়ের বিষয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের সঙ্গে বর্তমান সরকারের কোনো গোপন প্রতিরক্ষা চুক্তি হয়নি।

আজ সোমবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলের পক্ষ থেকে প্রচার সম্পাদক হাছান মাহমুদ সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। গত রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, পুনরায় ক্ষমতায় আসার জন্য সরকার ভারতের সঙ্গে গোপনে প্রতিরক্ষা চুক্তি করেছে।

এর জবাব দিতেই আজ সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। হাছান মাহমুদ বলেন, রিজভী চুক্তি ও সমঝোতার পার্থক্য বোঝেন না।

সংবাদ সম্মেলনে রুহুল কবীর রিজভীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, গোপনে প্রতিরক্ষা চুক্তি করার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার। রিজভী বিএনপির একজন আবাসিক নেতা। তিনি বিএনপি কার্যালয়ে থাকেন এবং সেখানেই ঘুমান। এত দিন ভাবতাম তিনি বিএনপি অফিসে বসে কিছু পড়াশোনা করেন, কিন্তু এখন জানি তিনি কিছুই জানেন না। সমঝোতা স্মারক (এমওইউ) এবং চুক্তির মধ্যে পার্থক্যও বোঝেন না।’

হাছান মাহমুদ বলেন, গত বছর ৮ এপ্রিল ভারতের সঙ্গে কয়েকটি এমওইউ সই হয়েছিল। সেই এমওইউয়ের ব্যাপারে গত ৭ ও ৮ মে কিছু নির্দেশনা (গাইডলাইন) ঠিক করা হয়েছে মাত্র। এখন কোনো চুক্তি তো দূরের কথা সমঝোতা স্মারকও নতুন করে হয়নি। এটাকে যদি চুক্তি হিসেবে দাবি করা হয়, তাহলে বলতে হবে রিজভী সাহেব পাগলের প্রলাপ বকছেন।’

বিএনপি আমলে করা প্রতিরক্ষা চুক্তির প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের অন্যতম এই মুখপাত্র বলেন, ২০০২ সালে বিএনপি চীনসহ আরও অনেক দেশের সঙ্গে সামরিক চুক্তি করেছিল। শেখ হাসিনার সরকার এক সুতাও ছাড় না দিয়ে ভারতের সঙ্গে ৪৬ বছরের পুরোনো সীমান্ত সমস্যা সমাধান করেছে। বিএনপি ভোটের রাজনীতিতে সব সময় ভারতবিরোধী প্রচারে সরব থাকে। আবার ভারতের কোনো রাষ্ট্রীয় অতিথি এলে সাক্ষাৎ পেতে তোড়জোড় চালায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী ও উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।