ভারতের সঙ্গে চুক্তি নিয়ে বিএনপির বক্তব্য ভাঁওতাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সঙ্গে চুক্তির ব্যাপারে বিএনপির পরিষ্কার কোনো বক্তব্য নেই বলেই তারা ভাঁওতাবাজি করছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গতকাল শনিবার বিকেলে মাদারীপুরের শিবচরে সর্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউ মন্দিরের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মারা যাওয়ার পর ২১ বছর যারা ক্ষমতায় ছিল, তারা ফারাক্কা, পার্বত্য শান্তি চুক্তিসহ দেশের স্বার্থে কোনো চুক্তিই করেনি। এমনকি সীমান্ত চুক্তি, সমুদ্র চুক্তি, শান্তি চুক্তিসহ আন্তর্জাতিক ও জাতীয়ভাবে যা কিছু দেশের স্বার্থে করা হয়েছে, তা শেখ হাসিনার আমলে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আমির হোসেন আমু আরও বলেন, ভারতের সঙ্গে কী চুক্তি হচ্ছে তা না জেনেই বিএনপির এ মন্তব্য প্রমাণ করে তারা টাইম পাস করছে। এখন পর্যন্ত শেখ হাসিনা যেসব চুক্তি করেছেন, তা দেশের কল্যাণেই করেছেন।
মন্দিরের সভাপতি অমূল্য কুন্ডুর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন চন্দ্র শিকদার, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মাদারীপুর-১ আসনের সাংসদ নুর-ই-আলম চৌধুরী, ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্তসহ আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।