ভারতের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতা হয়নি, এটিই অস্বাভাবিক: হাছান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে প্রতিরক্ষা সহায়তাবিষয়ক কাঠামো (ফ্রেমওয়ার্ক) সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি দাবি করেন, পাকিস্তান ছাড়া সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে, এমনকি মিয়ানমারের সঙ্গেও এ ধরনের সমঝোতা স্মারক আছে। এত দিন ধরে বাংলাদেশের সঙ্গে ভারতের সমঝোতা হয়নি বরং এটিই অস্বাভাবিক। বিএনপি এটি নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর পাঁয়তারা করছে।
আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০-দলীয় জোট ছেড়ে আসা জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এক আলোচনা সভায় হাছান মাহমুদ এসব দাবি করেন।
আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ বলেন, বিএনপি তাদের শাসনামলে ভারত থেকে কোনো কিছু আদায় করতে পারেনি। তারা ভারতের কাছে নতজানু ছিল। ভারত থেকে যা কিছু অর্জিত হয়েছে, তা আওয়ামী লীগের আমলেই। তাই ক্ষমতায় থাকার সময় ভারত থেকে কিছু আদায় না করার ব্যর্থতার জন্য জনগণের কাছে বিএনপির দুঃখ প্রকাশ করা উচিত।
হাছান মাহমুদ অভিযোগ করেন, বিএনপি নেত্রী ক্ষমতায় থাকা অবস্থায় দিল্লিতে গিয়ে গঙ্গা চুক্তির বিষয়ে আলোচনা করতেই ভুলে গিয়েছিলেন। বিএনপির শাসনামলে তারা অমীমাংসিত সমুদ্রসীমার সমাধানের কথা ভারতের সঙ্গে আলোচনাই করেনি। আওয়ামী লীগ সরকার একের পর এক অর্জন করছে, আর তারা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে সমালোচনা করছে।