ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, অধীনতা চাই না: মান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে আমরা বন্ধুত্ব চাই। কিন্তু বন্ধুত্বের নামে আমরা কোনো নিউ কলোনিয়ালিজম ও অধীনতা চাই না। আমাদের স্বার্থ বিকিয়ে কোনো ধরনের সমঝোতা চাই না।’ 


আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘ভারত বাংলাদেশ সম্পর্ক’ শীর্ষক এক আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন। আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীসহ কয়েকজন বিশিষ্ট নাগরিক ও রাজনীতিক বক্তব্য দেন। তাঁরা ভারত সফরে দেশের স্বার্থহানিকর প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা স্মারক না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি খুবই বিনীতভাবে প্রধানমন্ত্রীকে সতর্ক করতে চাই, সারা দেশের মানুষ এগুলো চাচ্ছে না। যা চাচ্ছে, তার পক্ষে দাঁড়ান। যা চাচ্ছে না, তার পক্ষে দাঁড়াবেন না। যদি সত্যি সত্যি দেশের স্বার্থবিরোধী অবমাননাকর কোনো চুক্তি বা সমঝোতা করে আসেন, তাহলে এর বিরুদ্ধে দাঁড়াব।’

জাফরুল্লাহ চৌধুরী ভারত সফরে প্রধানমন্ত্রীকে তিনটি বিষয়ে চুক্তি করার অনুরোধ জানান। ওই তিন চুক্তি হলো—প্রথমত, সীমান্ত হত্যা হবে না, সব পানি (তিস্তাসহ) চুক্তি হবে এবং ভারতে যে ২০ কোটি সংখ্যালঘু মুসলিম আছে, তাদের জীবন ও ধর্ম পালনের পূর্ণ অধিকার। এই তিন চুক্তি যদি প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে করতে পারেন, তারপর দেশবাসী বিবেচনা করবে জাতীয় প্রতিরক্ষা চুক্তি হবে কি না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আমরা যখন ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনা করি, তখন বুদ্ধিবৃত্তিকভাবে বিষয়টি দেখতে পারি না, প্রচণ্ড ইমোশনালভাবে দেখি। একদল আছে শুধু ধর্মীয় কূপমণ্ডূকতার কারণে ভারত-সম্পর্ককে অন্ধ ভারতবিরোধিতার জায়গা থেকে দেখে। আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় থাকার জন্য ভারতের পক্ষ বা বিরোধী রাজনীতি করে। আরেক দল আছে, যেটি সবচেয়ে পীড়িত করে, তারা শুধু একতরফা কৃতজ্ঞতার জায়গা থেকে দেখে। অবশ্যই কৃতজ্ঞ। এটা তো শেষ কথা নয়। একই সঙ্গে তাদের এবং আমাদের এটা বুঝতে হবে, আমরা স্বাধীন হয়ে ভারতের যে উপকার করেছি, তার জন্য ভারতেরও আমাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকা উচিত। কারণ বাংলাদেশ নামক রাষ্ট্র যদি সৃষ্টি না হতো, তাহলে ভারতের দুই প্রান্তে দুটি পাকিস্তান থাকত, ভারতের প্রান্তে দুটি পারমাণবিক বোমা থাকত। কাজে আমরা স্বাধীন হয়ে ভারতের যে অসীম উপকার করেছি, এটাও আমাদের বলা উচিত। কাজেই আমাদের সম্পর্কটা হবে সম্পূর্ণভাবে ভারসাম্যমূলক। কৃতজ্ঞতায় গদগদ হয়ে সবকিছু দিয়ে দেব—এ মনোভাব সবাইকে পরিহার করতে হবে। এই মনোবৃত্তি থাকার কারণে ২০১৪ সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর বর্তমান সরকার একতরফাভাবে ভারতের অনুকূলে বহু কিছু করে দেওয়ার পরও আমি বলব, ভারসাম্যহীন ও নতজানুমূলক সম্পর্ক একটা অনন্য মাত্রায় পৌঁছেছে।’

প্রতিরক্ষা চুক্তি প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা এমন একটি দেশের সঙ্গে করবেন, যে দেশের সঙ্গে আপনার ঝগড়াঝাঁটি বা যুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই বা আপনি এমন কারণে চুক্তি করবেন, যখন আপনি অন্য একটি দেশ থেকে হুমকি অনুভব করছেন। এখন একটি দেশের সঙ্গে যখন আরেকটি দেশের সংঘাত হয়, সেটি তিন ধরনের হয়। একটা হচ্ছে যুদ্ধ, আরেকটা সীমান্ত সংঘাত। অপরটি হচ্ছে, একটা দেশ আরেকটা দেশের বিচ্ছিন্নতা বা উগ্র গোষ্ঠীকে আশ্রয় দিয়ে অন্তর্ঘাতমূলক কাজে উৎসাহ দিয়ে থাকে। এখন স্বাধীন হওয়ার পর বাংলাদেশের সঙ্গে কোন দেশের নিরাপত্তা-সংকট রয়েছে। যদি উদাহরণ দেখেন, ভারত ও মিয়ানমারের সঙ্গে রয়েছে। সংঘাতের ঘটনা তো বেশি ভারতের সঙ্গে। এখন যে দেশের সঙ্গে ভবিষ্যতে সংঘাত ঘটতে পারে, সে দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি জাতীয় স্বার্থের সঙ্গে যায়?’

বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী কেন ভারত সফরে যাচ্ছেন, তিনি কী চুক্তি করবেন—মানুষ কিছুই জানে না। ভোটারবিহীন সংসদেও এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। এতে মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে। এটা হচ্ছে জনগণ থেকে শাসকগোষ্ঠী যে কতটা বিচ্ছিন্ন, তার প্রমাণ।

বাসদের এই নেতা আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরে চুক্তি বা সমঝোতার স্মারক সম্পর্কে আমরা খবর পাই বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকায়। যদি গণতান্ত্রিক রাষ্ট্র হতো, তাহলে রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা তা আগেই জানত।’ তিনি সরকারকে সতর্ক করে বলেন, ভারতের অতীত ভালো নয়। নেপাল, শ্রীলঙ্কা, ভুটানে কী হয়েছে। তাই আধিপত্যবাদী মনোভাবের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ‘ভারত একটি বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র। সুতরাং আমাদের স্থিতিশীলতার জন্য তাদের সঙ্গে সুসম্পর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যেমন ক্রিকেট খেলায় অনেক দূর এগিয়ে গেছি, আমাদের বর্তমান সরকার ও তার নেত্রী দেখছি, রাজনৈতিক কলাকৌশলে প্রায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে আছেন।’

সুব্রত চৌধুরী বলেন, ‘এত দিন আমরা আইএস, আইএসআই নিয়ে কথা বলেছি। হঠাৎ করে তিনি দৃশ্যপটটা পাল্টে দিয়ে “র” নিয়ে প্রকাশ্যে আলাপ-আলোচনা শুরু করে দিয়েছেন জনসভায়। বলেছেন, ২০০১ সালের “র” সমর্থনে বিএনপি ক্ষমতায় আসে, কিন্তু ২০১৪ সালে কী হয়েছে সেটা বলেন না। ভারতের পররাষ্ট্রসচিব সুষমা স্বরাজ এসে ন্যক্কারজনক ভূমিকা রাখেন। পৃথিবীর অন্য কোনো দেশে এটা কি সম্ভব? সুতরাং এখানে তো ভারত সরকারের একটা চাহিদা থাকবেই। এ সরকারকে তো তারাই টিকিয়ে রেখেছে।’

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, ‘বাংলাদেশের তিন দিকেই ভারত। তাই কোনো সময়ে বাংলাদেশ আক্রান্ত হলে ভারত থেকেই হবে। তাই তাদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে পারি না। এটি করলে গণবিস্ফোরণ হবে।’ তিনি বলেন, চীন থেকে সাবমেরিন কেনার এক সপ্তাহের মধ্যে ভারত মিয়ানমারের কাছে সাবমেরিন বিধ্বংসী টর্পেডো বিক্রি করেছে, এটা কি বন্ধুত্ব?

জেএসডির এই নেতা বলেন, প্রতিরক্ষা চুক্তির বিষয়ে খবর প্রকাশ হওয়ার পর জনগণের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। এখন প্রতিরক্ষা চুক্তি করার আগে অনেকগুলো বিশেষণ যুক্ত করে সে চুক্তি করার চেষ্টা হচ্ছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘ট্রানজিট ছিল ভারতের সঙ্গে আমাদের দর-কষাকষির প্রধান অবলম্বন বা শক্তি। আমরা অমনোযোগে তা তুলে দিয়েছিল। এখন প্রধানমন্ত্রীর ভারত সফরে আমাদের এজেন্ডাগুলো টেবিলের নিচের রেখে দিয়ে ভারতের এজেন্ডাগুলো সামনে আনা হয়েছে।’ তিনি এ সফরে ভারতের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তির উল্লেখ করে বলেন, ‘আমাদের কি যুদ্ধের আশঙ্কা আছে? কার বিরুদ্ধে এ চুক্তিতে যাচ্ছেন। এ ধরনের চুক্তি বাংলাদেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি হবে।’

আইপিইউ সম্মেলনের কথা উল্লেখ করে সাইফুল হক বলেন, ২০১৪ সালের ভোটারবিহীন সংসদ নির্বাচনের জাতীয় লজ্জা ঢাকার জন্যই বিশাল অর্থ ব্যয় করে ১০০টি দেশের সাংসদদের ডেকে আনা হলো?

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের অনেকগুলো সমস্যা বিদ্যমান। তিস্তার পানি, টিপাইমুখ বাঁধ, সীমান্ত হত্যা, বাণিজ্যঘাটতি, মাদক, চোরাচালান, রামপালে বিদ্যুৎকেন্দ্র—অমীমাংসিত রয়ে গেছে। প্রধানমন্ত্রী ভারত সফরে চুক্তি সমঝোতা স্মারক যা-ই করুন, আগে এ বিষয়গুলোর সমাধান করতে হবে। দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো ধরনের চুক্তি আমরা মেনে নেব না।’