চীন থেকে সাবমেরিন কেনায় শেখ হাসিনার সঙ্গে ভারতের মান-অভিমান চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘শেখ হাসিনা চীন থেকে সাবমেরিন কিনেছেন, চুক্তি করেছেন। ভারত জানতে চেয়েছে, এই সাবমেরিন আপনি কার বিরুদ্ধে ব্যবহার করবেন? সেই কারণে আজ তাদের সঙ্গে আপনাদের হয়তো মান-অভিমান চলছে।’
গতকাল রোববার রাজধানীতে এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘তার অর্থ এই না, আপনাকে তারা (ভারত) রিজেক্ট করছে। আপনাদের মধ্যে খুব আন্তরিক সম্পর্ক আছে, সেই সম্পর্ক ভাঙার নয়।’
রাজনীতিবিদ মশিউর রহমান যাদু মিয়ার ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ন্যাপ।
প্রধানমন্ত্রীর দেওয়া একটি বক্তব্যের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া নাকি ভারতের গোয়েন্দা সংস্থা র-এর এজেন্ট। র ও আমেরিকার মধ্যে সম্পর্কের মধ্য দিয়ে তিনি ২০০১ সালে ক্ষমতা এসেছেন। আমার মতো একজন সচেতন মানুষ এই কথায় হাসলাম। এটা বিশ্বাসযোগ্য কথা নয়।’