ভারতের সঙ্গে শেখ হাসিনার মান-অভিমান চলছে: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, চীন থেকে সাবমেরিন কেনায় শেখ হাসিনার সঙ্গে ভারতের মান-অভিমান চলছে। তিনি বলেন, ‘তার অর্থ এই না, আপনাকে তারা রিজেক্ট করছে। আপনাদের মধ্যে খুব আন্তরিক সম্পর্ক আছে, সেই সম্পর্ক ভাঙার নয়।’
আজ রোববার দুপুরে পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে রাজনীতিবিদ মশিউর রহমান যাদু মিয়ার ৩৮তম মৃত্যুবার্ষিকীতে এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন। বাংলাদেশ ন্যাপ এ আলোচনা সভার আয়োজন করে।
গয়েশ্বর রায় বলেন, ‘শেখ হাসিনা চীন থেকে সাবমেরিন কিনেছেন, চুক্তি করেছেন। ভারত জানতে চেয়েছে, এই সাবমেরিন আপনি কার বিরুদ্ধে ব্যবহার করবেন? সে কারণে আজ তাদের (ভারত) সঙ্গে আপনাদের হয়তো মান-অভিমান চলছে।’
প্রধানমন্ত্রীর দেওয়া একটি বক্তব্যের উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া নাকি “র”-এর এজেন্ট। “র” ও আমেরিকার মধ্যে সম্পর্কের মধ্য দিয়ে তিনি (খালেদা জিয়া) ২০০১ সালে ক্ষমতা এসেছেন। আমার মতো একজন সচেতন মানুষ এ কথায় হাসলাম। এটা বিশ্বাসযোগ্য কথা নয়।’ প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি হচ্ছে বিদেশে বন্ধু আছে, প্রভু নয়। আর আপনার রাজনীতি হচ্ছে বিদেশে প্রভু আছে, বন্ধু নয়।’
ন্যাপের সভাপতি জেবেল রহমান গানির সভাপতিত্বে সভায় আর বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মুর্তজা, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।
মুচলেকার কাগজ দেখান
আজ বাংলাদেশ ইসলামিক পার্টির এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রীর বক্তব্যকে চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেন, ভারতকে মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল, তা প্রমাণ করতে না পারলে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
শামসুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রী কথাপ্রিয় মানুষ। যখন কথা বলেন, মাঝেমধ্যে হিসাবনিকাশ থাকে না। তিনি বলেন, বিএনপি যদি মুচলেকা দিয়ে থাকে নিশ্চয়ই কোনো কাগজে সই করেছিল। আপনি প্রধানমন্ত্রী, সে কাগজটি দেখান। তা দেখাতে না পারলে জাতির কাছে মিথ্যাচারের জন্য ক্ষমা চান।’