ভারতের হাইকমিশনারকে বিএনপির সম্মেলনে আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হর্ষবর্ধন শ্রীংলা
হর্ষবর্ধন শ্রীংলা

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাকে দলের ষষ্ঠ জাতীয় সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রাজধানীর গুলশানে ভারতীয় হাইকমিশনে গিয়ে তাঁকে আমন্ত্রণপত্র দেন।
হাইকমিশন থেকে বেরিয়ে আসাদুজ্জামান ‘প্রথম আলো’কে বলেন, হর্ষ বর্ধন শ্রিংলা বিএনপির সম্মেলনে আসার আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেছেন। তিনি বলেন, ১৯ মার্চ ভারত ও বাংলাদেশের মধ্যকার একটি প্রকল্পের অনুষ্ঠান আছে। ওই অনুষ্ঠান শেষে সম্ভব হলে তিনি আসার চেষ্টা করবেন।
আসাদুজ্জামান জানান, আমন্ত্রণপত্র দিতে গেলে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা কিছু স্মৃতিচারণা করেন। শ্রিংলা তাঁকে বলেছেন, ২০১২ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যখন রাষ্ট্রীয় আমন্ত্রণে ভারত সফরে গিয়েছিলেন, তখন তিনি খালেদা জিয়ার কর্মসূচিতে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সংযুক্ত ছিলেন। এ কারণে আগে থেকেই খালেদা জিয়ার সঙ্গে তাঁর পরিচয় আছে।
রিপন আরও জানান, হর্ষ বর্ধন শ্রিংলা তাঁকে বলেছেন, তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন।
শ্রিংলা বাংলাদেশে আসার পর এখন পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ হয়নি। বিএনপির নেতা হিসেবে আসাদুজ্জামান প্রথম ভারতের হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করলেন।