আদমদীঘির জালাল উদ্দিন আহমেদ কলেজ
ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ নিয়ে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন
বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুরে জালাল উদ্দিন আহমেদ কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ এস এম ওমর আলীকে সাময়িক বরখাস্তের পর গতকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বরখাস্ত হওয়া অধ্যক্ষ ও কলেজ পরিচালনা কমিটির সভাপতির পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় গতকাল সকাল থেকে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়।
কলেজ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ৬ এপ্রিল কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসাধারণ সম্পাদক অজয় কুমার সরকারের সভাপতিত্বে এক সভা হয়। ওই সভায় অধ্যক্ষ ওমর আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তাঁকে সাময়িক বরখাস্ত এবং কলেজের অপর শিক্ষক নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ ঘটনার পর অজয় কুমার ও অধ্যক্ষ ওমর আলী পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণের দিন গতকাল উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে সকাল থেকে ওই কলেজে পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ওমর আলী বলেন, ‘আমাকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি বেআইনি এবং এ-সংক্রান্ত সিদ্ধান্তও ভুয়া। ক্ষমতার জোরে বাড়িতে বসে বাজার থেকে নতুন কেনা সিদ্ধান্ত বহিতে ওই সিদ্ধান্ত নিয়েছেন অজয় কুমার।’ অজয় কুমার বলেন, অধ্যক্ষ ওমর আলী একজন অসৎ ও দুর্নীতিবাজ ব্যক্তি। তাঁর সব অনিয়ম তদন্ত করে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।