ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক বলেই বিএনপি মহাসচিবের মনে ‘পলায়ন’: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক বলেই বিএনপি মহাসচিবের মনে ‘পলায়ন’ শব্দটি ঘুরপাক খায়।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকেরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক মন্তব্য ‘আওয়ামী লীগ পালাবার পথ খুঁজে পাবে না, তাদের সামনে অন্ধকার’-এর প্রতি দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপির এ ধরনের বক্তব্য কৌতুকের মতো শোনায়।

যাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখনো রাজনীতি করবেন না—এমন মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে আছেন, তাদের দলের মহাসচিব হয়তো নিজে পালাবার আশঙ্কা থেকেই এ কথা বলেছেন। কারণ তাঁর মনে “পলায়ন” শব্দটি ঘুরপাক খায়। আর বিএনপি নিজেরাই সব সময় অন্ধকারে থাকতে চায়, আলোর মুখ দেখতে চায় না বলেই প্রতিনিয়ত তারা আরও অন্ধকারের মধ্যে নিমজ্জিত হচ্ছে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া দেশে অত্যন্ত সুচিকিৎসা পেয়েছেন। তিনি যদি সুচিকিৎসা না পেতেন, তাহলে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারতেন না। সরকার খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী হাসপাতালে তাঁর পছন্দের ডাক্তারদের দিয়েই চিকিৎসার ব্যবস্থা করেছে। কিন্তু বিএনপি নেতাদের বক্তব্য শুনলে খালেদা জিয়ার সুস্থ হয়ে বাড়ি ফেরা বিএনপির নেতৃবৃন্দের পছন্দ হয়েছে বলে মনে হয় না। খালেদা জিয়া হাসপাতালে থাকলে তাঁর স্বাস্থ্য নিয়ে রাজনীতি করতে সুবিধা হয় বলেই মনে হয়।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘মানুষ ভুলে যায়নি, ২০১৩-১৪-১৫ সালে বিএনপি কী করেছে, কীভাবে মানুষের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করেছে। যারা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়ে জনগণের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করে, তাদেরই আসলে সভ্য হওয়া প্রয়োজন। বিএনপি যে বর্বরতার রাজনীতি করে, তা থেকে তাদের বেরিয়ে আসা প্রয়োজন।’