ভারপ্রাপ্তরাই থাকছেন জামায়াতের নেতৃত্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির পদে শিগগিরই কেউ আসছেন না। দলটির নেতারা বলছেন, ভারপ্রাপ্তদের দিয়েই আরও কিছুদিন দল চালানো হবে। অনুকূল সময়-সুযোগ পেলে আমির পদে নির্বাচন করা হবে।
জামায়াত সূত্র জানায়, দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ চার শীর্ষস্থানীয় নেতার ফাঁসি কার্যকরের পর বর্তমান নেতৃত্বকে শূন্য পদগুলো পূরণ করতে হবে। সামনে রয়েছে দল নিষিদ্ধ হওয়ার ঝুঁকি। এ অবস্থায় আমির পদে নির্বাচন করা নিয়ে দলটির বর্তমান নেতৃত্বের মধ্যে কিছুটা সিদ্ধান্তহীনতা কাজ করছে।
এর কারণ ব্যাখ্যা করে দলের দায়িত্বশীল একাধিক নেতা বলেন, দলের আমিরের ফাঁসি হওয়ার পরপরই এ পদে নির্বাচনের আয়োজন দৃষ্টিকটু হবে। এতে বর্তমান নেতৃত্ব সম্পর্কে নেতা-কর্মীদের মধ্যে ভুল বার্তা যাবে। এ ছাড়া আমির পদে নির্বাচনের প্রক্রিয়া শুরু করলে তা শেষ হতে কয়েক মাস লাগবে। সে ক্ষেত্রে দলের নীতিনির্ধারণী পরিষদ মজলিশে শুরার অধিবেশন ডাকা এবং সারা দেশে রুকনদের (শপথধারী সদস্য) ভোট নিতে হবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দলের গঠনতন্ত্র মেনে নেতা নির্বাচন করা দুরূহ। তাই ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান আরও কিছুদিন দায়িত্বে থাকতে পারেন।
চারজনের ফাঁসি ছাড়াও জামায়াতের ২৩ সদস্যের নির্বাহী পরিষদের তিনজন মারা গেছেন, ছয়জন কারাগারে আছেন, একজন বিদেশে, আরেকজন দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয়, বাকি নয়জন আত্মগোপনে।
দলের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘এই পরিস্থিতিতে আমির পদে নির্বাচন হবে কি না, সেই সিদ্ধান্ত নেবে নির্বাহী পরিষদ ও মজলিশে শুরা। পরিস্থিতির কারণে শুরার বৈঠক করা সম্ভব না হলে বর্তমান ভারপ্রাপ্ত নেতৃত্ব নির্বাহী পরিষদ ও কর্মপরিষদের মত নেবেন।’
জামায়াতের দায়িত্বশীল আরেকটি সূত্র জানায়, দল হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে।
সরকারের প্রভাবশালী মন্ত্রীরাও বলছেন, যেকোনো সময় এটা করা হবে। নীতিনির্ধারকেরা মনে করছেন, দল নিষিদ্ধ হওয়ার ঝুঁকির প্রেক্ষাপটে আমির নির্বাচন করা উচিত হবে না।
গত বছরের জুলাই মাসে প্রকাশিত জামায়াতের গঠনতন্ত্রে দেখা যায়, এটির ১৫ নম্বর ধারায় (ঘ) উপধারা যুক্ত করে ভারপ্রাপ্ত আমিরের মেয়াদ অনির্দিষ্টকাল করা হয়েছে। তাতে বলা আছে, ‘কেন্দ্রীয় কর্মপরিষদের বিবেচনায় নির্দিষ্ট সময়ের মধ্যে আমিরে জামায়াতের নির্বাচন অনুষ্ঠান যদি কিছুতেই সম্ভব না হয়, তা হইলে কেন্দ্রীয় কর্মপরিষদ কর্তৃক নিযুক্ত ভারপ্রাপ্ত আমির কেন্দ্রীয় মজলিশে শুরার অনুমোদন সাপেক্ষে স্বীয় পদে বহাল থাকিবেন।’
দলের গঠনতন্ত্রে তিন বছর অন্তর আমির নির্বাচন, আমির অনূর্ধ্ব ছয় মাসের জন্য দায়িত্ব পালনে অক্ষম হলে কেন্দ্রীয় কর্মপরিষদের সঙ্গে পরামর্শ করে একজন ভারপ্রাপ্ত আমির করা, নিযুক্ত আমির ছয় মাসের মধ্যে অবশিষ্ট মেয়াদের জন্য নতুন আমির নির্বাচনের ব্যবস্থা করার কথাও উল্লেখ আছে।
নিজামী ও মুজাহিদ আবার মুক্ত হয়ে ফিরে আসবেন—এ আশায় গঠনতন্ত্র সংশোধন করে অনির্ধারিত সময়ের জন্য এ দুই পদে ভারপ্রাপ্ত দিয়ে চালানোর বিধান সংযোজন করা হয়েছিল। দুজনের ফাঁসি কার্যকর হওয়ায় পরবর্তী আমির ও সেক্রেটারি জেনারেল নির্বাচনের প্রক্রিয়া কী হবে, তা এখন সামনে এসে পড়েছে। আবার এ দুই পদে কারা নেতা হবেন, তা নিয়ে দলের ভেতরে একধরনের স্নায়ুচাপ চলছে বলে জানা গেছে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার হন দলের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। সেই থেকে শীর্ষ দুটি পদ চলছে ভারপ্রাপ্ত ব্যক্তিদের দিয়ে।
জামায়াতের গুরুত্বপূর্ণ একজন নেতা বলেন, দলের একটি অংশ মকবুল আহমাদকে আমির ও শফিকুর রহমানকে সেক্রেটারি জেনারেল পদে স্থায়ী করার কথা ভাবছে। নায়েবে আমির মুজিবুর রহমানকে আমির ও শফিকুর রহমানকে সেক্রেটারি করার মতও আছে। আবার একটি পক্ষ চায় শফিকুর রহমান আমির হলে দলের ঢাকা মহানগরের আমির রফিকুল ইসলাম খান যেন সেক্রেটারি জেনারেল হন।
দলীয় সূত্রগুলো জানায়, কারাবন্দী থাকলেও এত দিন নিজামী-মুজাহিদের পরামর্শেই দল পরিচালিত হতো। বর্তমানে যাঁরা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন, তাঁরা ওই দুই নেতার পছন্দের ছিলেন। এর মধ্যে রফিকুল ইসলাম খানকে মুজাহিদের আস্থাভাজন হিসেবে বিবেচনা করা হয়।