ভালুকায় ত্রিমুখী লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির একজন ‘বিদ্রোহী’ প্রার্থী এবং আওয়ামী লীগ ঘরানার একজন স্বতন্ত্র প্রার্থী আছেন। শেষ পর্যন্ত এই দুজন নির্বাচন থেকে সরে না গেলে নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে বলে মনে করছেন ভোটার ও দল দুটির নেতা-কর্মীরা।
পৌরবাসী ও দল দুটির কর্মীদের ধারণা আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির বিদ্রোহী প্রার্থীর মধ্যে হবে ত্রিমুখী লড়াই।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ভালুকায় আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত। দলের একটি অংশের নেতৃত্বে আছেন আওয়ামী লীগের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম আমান উল্লাহ। অপর অংশের নেতৃত্ব দেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা। মেয়র পদে মনোনয়নের জন্য সাংসদের পছন্দ ছিল উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার। আর সাধারণ সম্পাদকের পছন্দ ছিল বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন। শেষ পর্যন্ত মেজবাহ উদ্দিন মনোনয়ন পান। দলের সিদ্ধান্ত মেনে সাদিকুর মনোনয়ন জমা দেননি। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন আরও একজন। তিনি সরকারি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ওমর ফারুক মাস্টার। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একটি সূত্র জানায়, যদি সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পক্ষের মধ্যে নির্বাচন উপলক্ষে সমঝোতা না হয় তাহলে আওয়ামী লীগের অনেক ভোট ওমর ফারুকের বাক্সে যেতে পারে।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মেজবাহ উদ্দিন বলেন, ‘পাঁচ বছর পৌরবাসীকে সাধ্যমতো সেবা দিতে চেষ্টা করেছি। দলীয় প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতা-কর্মীদের নিয়েই নির্বাচন করব।’
বিএনপির দলীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপিও দ্বিধাবিভক্ত। এক পক্ষের নেতৃত্বে সভাপতি ফখর উদ্দিন আহমেদ ও অপর পক্ষের শিল্পবিষয়ক সম্পাদক মোর্শেদ আলম। ফখর উদ্দিনের পছন্দ ছিল উপজেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন সরকার আর মোর্শেদের পছন্দ ছিল উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাতেম আলী খান। হাতেম আলী মনোনয়ন পাওয়ার পর প্রকাশ্যে ফখর উদ্দিনসহ প্রায় সব নেতাই একযোগে তাঁর (হাতেম) পক্ষে কাজ করছেন। তবে বিএনপির জন্য শঙ্কার কারণ হচ্ছে মফিজ উদ্দিন এর আগে দুবার পৌরসভার মেয়র ছিলেন।
ফখর উদ্দিন আহমেদ বলেন, ‘হাতেম আলী ও মফিজ উদ্দিন দুজনে নামই কেন্দ্রে পাঠানো হয়েছিল। হাতেম আলী মনোনয়ন পাওয়ার পর আমরা সবাই তাঁর পক্ষে কাজ করছি।’
মফিজ উদ্দিন সরকার বিএনপির মনোনয়ন চাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘ মানুষের ভালোবাসায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে মেয়র পদে নির্বাচন করছি।’