ভালো অর্জনকে বিতর্কিত করা বিএনপির অভ্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী ও ১৪-দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, সবাই বলছে, নারায়ণগঞ্জের নির্বাচন সুষ্ঠু হয়েছে। এমনকি পরাজিত প্রার্থীও বলেছেন। তারপরও বিএনপি একের এক বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। আসলে যেকোনো ভালো অর্জনকে বিতর্কিত করা বিএনপির অভ্যাস। বাংলাদেশের সব ভালো অর্জনকে তারা বিতর্কিত করার চেষ্টা করেছে। বিএনপি মহান মুক্তিযুদ্ধের অর্জনকেও বিতর্কিত করার চেষ্টা করেছে।

গতকাল রোববার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪-দলীয় জোটের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নাসিম এসব কথা বলেন। তিনি নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী, সেখানকার ভোটার ও দায়িত্বপালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ১৪ দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

মোহাম্মদ নাসিম বলেন, আজকে প্রমাণ হয়ে গেছে শেখ হাসিনা ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নারায়ণগঞ্জে একটা সফল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রমাণ হয়ে গেছে, গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে।

আশকোনায় জঙ্গিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের বিষয়ে নাসিম বলেন, তারা অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ নিয়ে, ধৈর্যের সঙ্গে এই অভিযান পরিচালনা করেছে। এ জন্য ১৪ দলের পক্ষ থেকে তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

বিএনপিকে জামায়াত ছাড়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘খালেদা জিয়ার বোধোদয় হওয়া উচিত। জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি কোনোদিন বিজয় অর্জন করতে পারবে না। সে জন্য বলতে চাই, জামায়াতকে ছাড়ুন, ত্যাগ করুন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ, আহমেদ হোসেন, জাসদের শরীফ নুরুল আম্বিয়া, শিরীন আখতার, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।