ভালো আচরণ না করলে উন্নয়ন ম্লান হয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের সঙ্গে ভালো আচরণ করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, জনগণের সঙ্গে ভালো আচরণ না করলে উন্নয়ন ম্লান হয়ে যাবে।
ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার পথে গতকাল সোমবার ফরিদপুরে এক পথসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পৌঁছালে তাঁকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।
গতকাল বিকেলে ফরিদপুর শহরের রাজবাড়ী মোড়ে পথসভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। ওবায়দুল কাদেরকে স্বাগত জানাতে কয়েক হাজার নেতা-কর্মী আগে থেকে সভাস্থলে অবস্থান নেন। পরে তাঁরা নবনির্বাচিত দলীয় সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান।
পথসভায় আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জেতাতে এখনই কাজ শুরু করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের আর মাত্র দুই বছর বাকি। নির্বাচনে ঝাঁপিয়ে পড়ুন। জনগণের দ্বারে দ্বারে যাওয়া শুরু করুন। জনগণের সঙ্গে ভালো আচরণ করুন। উন্নয়ন ম্লান হয়ে যাবে, যদি আচরণ ভালো না করেন।’
ফরিদপুরের সন্তান স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আশীর্বাদে তিনি (মোশাররফ) এলাকায় অনেক উন্নয়ন করেছেন। নেতা-কর্মীরা জনগণের সঙ্গে ভালো ব্যবহার না করলেও এ অর্জনও বৃথা যাবে। গুটিকয়েক ব্যক্তির জন্য গোটা দলের বদনাম হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ‘ফুলের মালা শুকিয়ে যাবে, কাগজের ফুল ছিঁড়ে যাবে, তোরণের ফুল ঝরে যাবে, ব্যানার-বিলবোর্ডের ছবি মুছে যাবে। পাথরে লেখা নাম ক্ষয়ে যাবে, কিন্তু হৃদয়ে লেখা নাম রয়ে যাবে। তাই জনগণের হৃদয়ে নাম লিখতে হবে।’ বাংলাদেশ, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও স্বাধীনতার মূল আদর্শকে বাঁচাতে তিনি আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার আহ্বান জানান।
পথসভায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেনসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতারা। সভা শেষে ওবায়দুল কাদের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। টুঙ্গিপাড়ায় আজ মঙ্গলবার কেন্দ্রীয় আওয়ামী লীগের নবনির্বাচিত কার্যনির্বাহী সংসদের প্রথম সভায় অংশ নেবেন তিনি।
এর আগে বিকেল সোয়া তিনটার দিকে ওবায়দুল কাদের গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পৌঁছান। এ সময় তাঁকে জেলা প্রশাসক জিনাত আরা এবং জেলা পুলিশ সুপার সালমা বেগম ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম বাতেন ফুল দিয়ে শুভেচ্ছা জানান।