ভালোবাসার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান মির্জা ফখরুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিহিংসা, জুলুম ও নির্যাতনের রাজনীতি পরিহার করে সরকারি দলকে ভালোবাসার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার রাতে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শাহেদ কামাল চৌধুরী।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘গণতন্ত্রের জন্য সভ্যতার প্রথম থেকে মানুষকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমরা যেমন স্বাধীনতাকে অর্জন করেছি লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে, ঠিক তেমনি গণতন্ত্রের জন্য বছরের পর বছর, যুগের পর যুগ ধরে আমাদের ভাইবোনেরা প্রাণ দিয়েছেন। মানুষ, বিএনপির নেতারা ত্যাগ স্বীকার করছেন, কিন্তু কিসের জন্য? শুধু একটাই লক্ষ্য—আমরা দেশকে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চাই। ৪৫ বছর হয়েছে স্বাধীনতা অর্জনের। ওই স্বাধীনতাযুদ্ধই হয়েছিল গণতন্ত্রের ওপর ভর করে। ওই গণতন্ত্র আজ হারিয়ে গেছে। আজ এ দেশের মানুষের কোনো স্বাধীনতা নেই, তাঁরা কথা বলতে পারেন না। তাঁরা লিখতে পারেন না, তাঁরা এক জায়গায় সমবেত হয়ে মনের কথা বলতে পারেন না। আমাদের কোনো ভাই যখন প্রতিবাদ করতে যান, তখন তাঁর বুকে গুলি করা হয়। আবার কোনো ভাই প্রতিবাদ করতে যান, তখন পায়ে গুলি করা হয়। আবার কোনো ভাই যদি কিছু লিখতে যান, তখন তাঁকে গুম করে ফেলা হয়।’
মির্জা ফখরুল ইসলাম প্রশ্ন করেন, ‘আমরা কি এই বাংলাদেশ চাই? এ বাংলাদেশের জন্য কি যুদ্ধ করেছিলাম? একটা মুক্ত স্বাধীন বাংলাদেশ পাব, শোষণমুক্ত বাংলাদেশ পাব বলে আমরা যুদ্ধ করেছিলাম। কিন্তু সেই বাংলাদেশ হারিয়ে গেছে। আজকে দেশের মানুষ লড়াই-সংগ্রাম করছে সেই অধিকারকে ফিরে পাওয়ার জন্য। সেই লড়াই-সংগ্রামে বাংলাদেশের মানুষ ইনশা আল্লাহ জয়ী হবে।’ দলের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, নেতা-কর্মীরা তিলে তিলে কষ্ট-পরিশ্রম করে বিএনপিকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে হবে। পাশাপাশি মা-বোনদের এগিয়ে নিতে হবে। দেশের কল্যাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা চাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করবে। আমরা ইউপি নির্বাচনে অংশ নিয়েছি একটি কারণে, আমাদের গণতান্ত্রিক আন্দোলন অক্ষুণ্ন রাখতে চাই।’ এ সময় তিনি সদর উপজেলায় চতুর্থ ধাপে ১২টি ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থীদের পরিচয় করে দিয়ে ধানের শীষে ভোট চান।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক তৈমুর রহমান, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, পৌর বিএনপির সভাপতি আবদুল হালিম, জেলা যুবদলের সদস্যসচিব মাহবুব হোসেন প্রমুখ।