ভাষাশহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে শাসকগোষ্ঠী: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান শাসকগোষ্ঠী ভাষা আন্দোলনের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ভাষাশহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে।
গতকাল সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব অভিযোগ করেন, বর্তমান শাসকগোষ্ঠী মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গেও বেইমানি করেছে। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র। অথচ এই জায়গাগুলোতেই আদর্শের সংঘাত। কারণ, এখনকার শাসকগোষ্ঠী বৃহত্তর জনগোষ্ঠীর যে আশা-আকাঙ্ক্ষা তা সম্পূর্ণ পদদলিত করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের নেতারা ও তথাকথিত কিছু বুদ্ধিজীবী আছেন, যাঁরা সব সময় মুক্তিযুদ্ধের চেতনা এবং ভাষা আন্দোলনের চেতনা—এই কথাগুলো খুব ব্যবহার করেন। কিন্তু একবারও তাঁরা বলেন না যে ভাষা আন্দোলনের মূল চেতনাই ছিল গণতন্ত্রের চেতনা। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের চেতনাও ছিল গণতন্ত্রের চেতনা।
মির্জা ফখরুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও জমির উদ্দিন সরকার, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ প্রমুখ।