ভাসানী রাজনীতি নির্মাণ করতেন: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী রাজনীতি নির্মাণ করতেন। ভাসানী সংগঠনের ওপর নির্ভর করতেন না বরং সংগঠনই তাঁর ওপর নির্ভর করে চলত। 

আজ রোববার রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী স্মৃতি সংসদ ওই আলোচনা সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, নতুন প্রজন্মের অনেকেই ভাসানী সম্পর্কে জানেন না। ভাসানী নিপীড়িত, সুবিধাবঞ্চিত ও কৃষক-শ্রমিকদের জন্য কাজ করতেন। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন তিনি। ভাসানীর অর্থসম্পদ, গাড়ি-বাড়ি কিছুই ছিল না, ছিল শুধু মানুষের প্রতি ভালোবাসা। আর সেই ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করত। ভাসানী ধর্ম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতেন না, তাঁর কাছে ধর্ম এক বিরাট জায়গা নিয়ে থাকত। ভাসানীকে মানুষ বিশ্বাস করত এবং তিনি কখনো জনগণের বিশ্বাস ভাঙতে চাননি।

মির্জা ফখরুল বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ লালন করে শহীদ জিয়াও মানুষকে ভালোবাসতেন। মানুষের কাছাকাছি পৌঁছে যেতেন। নিজেকে একজন সাধারণ মানুষ ভেবে সবার সঙ্গে মিশে একসঙ্গে কাজ করতেন। আর সেই ভালোবাসাকে ধারণ করেই খালেদা জিয়া ও তারেক রহমান জনগণের পাশে আছেন। তাই জনগণের কাছে জিয়া ও তাঁর পরিবারের জনপ্রিয়তা এত বেশি।

অন্যদের মধ্যে ভাসানী স্মৃতি সংসদের সভাপতি জিয়াউল হক, নাজমুল হক প্রমুখ বক্তব্য দেন।